পাওয়েলের ঘরে নিষিদ্ধ ওধুষের ছড়াছড়ি!
ডোপিং কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ার পর বেশ জোরগলাতেই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন আসাফা পাওয়েল। কিন্তু এখন সংশয় জাগছে, জ্যামাইকান এই অ্যাথলেট আদৌ সত্যি কথা বলেছিলেন কি না, নাকি আর দশটা ডোপপাপীর মতোই নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করছেন। কারণ, গতকাল তাঁর হোটেলকক্ষে হানা দিয়ে এমন কিছু ওষুধ পাওয়া গেছে, যেগুলোর প্রতিটি সন্দেহজনক বলে জানা গেছে। প্রায় ৫০টি বাক্সভর্তি এই ওষুধ পাঠানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। নিষিদ্ধ কিছু প্রমাণিত হলে হয়তো বেশ ভালোভাবেই ফেঁসে যাবেন একসময়ের দ্রুততম মানব।আগামী মাসে মস্কোতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য অন্যান্য জ্যামাইকান অ্যাথলেটের সঙ্গে ইতালির লিগানো সাবিয়াডোরোতে অনুশীলন করছিলেন পাওয়েল। এর মধ্যেই নিষিদ্ধ শক্তিবর্ধক গ্রহণের খবরে তোলপাড় হয়েছে অ্যাথলেটিকস জগত্। ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ার পর ডোপবিরোধী সংস্থার অনুরোধে পাওয়েলের হোটেলকক্ষে তল্লাশি চালায় ইতালিয়ান পুলিশ। সেখানেই পাওয়া যায় ওষুধগুলো। সেগুলোর পরিমাণও এতই বেশি যে, পুলিশও খুব অবাক হয়ে গেছে। কারণ, তাদের মতে, একজন অ্যাথলেটের এই পরিমাণ ওষুধের কোনো প্রয়োজন থাকার কথা না।কখনোই কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক সোনা না জিততে পারলেও ২০০৫ সালের জুন থেকে ২০০৮ সালের মে পর্যন্ত টানা তিন বছর ১০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডটি ছিল পাওয়েলের দখলে। ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ার পর পাওয়েল বলেছিলেন, ‘আমি কখনোই প্রতারক ছিলাম না। জেনেশুনে কিংবা স্বেচ্ছায় নিষিদ্ধ কিছু গ্রহণ করিনি।’ সূত্র: আইএএনএস।