পাক-ভারত সিরিজ নিয়ে আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের দ্বৈরথ বরাবরই অন্য রকম উত্তেজনা তৈরি করে ক্রিকেট বিশ্বে। এর জন্য অপেক্ষাও করে থাকেন অনেকে। কিন্তু দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি উপমহাদেশের শীর্ষ এই দুই দলের মধ্যে। তবে আজ বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের এক বৈঠকের পরে আবারও দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কটা উন্নয়ন করা হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে।নিরাপত্তা একটা বড় ইস্যু হলেও ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই।আজ পাকিস্তানের পররাষ্ট্রসচিব জাহিল আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর রঞ্জন মাথাই সাংবাদিকদের বলেছেন, ‘ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথের ব্যাপারটি ভারতীয় ক্রিকেট বোর্ড ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের আলোচনার বিষয়। এখানে নিরাপত্তাও একটা প্রধান ইস্যু। তার পরও আমরা যে যৌথ বিবৃতিটি দিয়েছি সেখানে দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্ক উন্নয়নের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।’দুই দেশের ক্রিকেট সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন জাহিল আব্বাসও। তিনি বলেছেন, ‘দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের ব্যাপারে আমাদের আলাপ হয়েছে। আমার মনে হয়, আমরা এ ধরনের গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে পারব। এতে আমাদের সম্পর্কের অগ্রগতিও সাধিত হবে।’২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। তবে এর মধ্যে এই দুই দল বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে।—পিটিআই