পাক-ভারত সিরিজে উচ্ছ্বসিত ইমরান
সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বের একটি আলোচিত বিষয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সিরিজ। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন বর্তমান পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনের শক্তিশালী ব্যক্তিত্ব ইমরান খান। অনেক দিন পর এই সিরিজ অনুষ্ঠিত হতে যাওয়ায় উচ্ছ্বাসই প্রকাশ করেছেন এই ক্রিকেট কিংবদন্তি। পাকিস্তানের রাজনীতিতে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমরান মনে করেন, ক্রিকেটের মাধ্যমে এই দুই দেশের মধ্যে সম্পর্কেরও অনেক উন্নয়ন ঘটবে।প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সহিংসতা ও বিদ্বেষের ইতিহাস বেশ পুরোনো। একটা ঘৃণাপূর্ণ পরিবেশ জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লোটার মনোভাবও অনেকের আছে বলে মন্তব্য করেছেন ইমরান খান। আর এই মুহূর্তে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘বিদ্বেষ বা ঘৃণা ছড়িয়ে ফায়দা লোটার মতো লোক সব সময়ই আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমার মনে হয়, এখন সময় অনেক পরিবর্তন হয়েছে। ভারত ও পাকিস্তান, দুই দেশের মানুষই এখন শান্তি চায়। আর একটা ক্রিকেট সিরিজ এ ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে পারে। এটা মানুষে-মানুষে যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতে অনেক সহযোগী হবে।’