পাক-ভারত সিরিজে ‘মিডিয়া ব্ল্যাকআউট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে আগ্রহ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তাপ থাকায় মাঠে এই দুই দেশের যেকোনো লড়াই তাই বাড়তি উন্মাদনা ও আগ্রহ সৃষ্টি করে। বিভিন্ন রাজনৈতিক কারণে প্রায় পাঁচ বছর এই দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ বন্ধ ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে আজ শুরু হতে যাওয়া এই সিরিজ দুই দেশের ক্রিকেটামোদীদের রক্তে ব্যঞ্জনা সৃষ্টি করলেও তা ‘ব্রাত্য’ হয়ে থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু আচরণে ত্যক্তবিরক্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সিদ্ধান্ত নিয়েছে, পাঁচ বছর পর মাঠে গড়ানো বহুকাঙ্ক্ষিত এই সিরিজের মিডিয়া কভারেজ থেকে দূরেই থাকবে তারা।আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, রয়টার্স, এপি, ছবি বিক্রির সংস্থা গেইটি ইমেজ ও অ্যাকশন ইমেজ ভারত-পাকিস্তান সিরিজের কোনো ছবি ও সংবাদ পরিবেশন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই গুরুত্বপূর্ণ সিরিজে ওই সংস্থাগুলোকে অ্যাক্রিডিটেশন ইস্যু করছে না—এমন অভিযোগ তুলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিখ্যাত এই সংবাদ ও ছবির সংস্থাগুলো। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সদ্যসমাপ্ত টেস্ট সিরিজেও একই কারণে রয়টার্স বা আরও কিছু সংস্থা ছবি ও সংবাদ পরিবেশন থেকে দূরে ছিল। এএফপি ওই সিরিজে সংবাদ ও ছবি পরিবেশন করলেও আজ শুরু হওয়া সিরিজ থেকে নিজেদের সরিয়ে রাখছে তারাও। ভারতীয় ক্রিকেট বোর্ডের এ ধরনের আচরণের কারণে গণমাধ্যমের কর্মীরা পাঠকদের জন্য সেরা ছবিটি নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছে নিউজ মিডিয়া কোয়ালিশন। বার্তা সংস্থা ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক এই সংগঠনের নির্বাহী সভাপতি অ্যান্ড্রু মোগার ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এই মনোভাবের কারণে ভারত সফরের অনেক অসাধারণ ক্রীড়ামুহূর্ত ধারণ করে রাখা সম্ভব হচ্ছে না এবং এগুলো হারিয়ে যাচ্ছে। ইংল্যান্ডের ভারত সফরের টেস্ট সিরিজে এই ঘটনা ঘটেছে। এখন পাকিস্তানের সফরের পরিণতিও সেই দিকে যাচ্ছে।’ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইংল্যান্ডের ভারত সফরের আগে বিসিসিআই যে বিবৃতিটি দিয়েছিল, তাতে বলা হয়েছিল, ‘সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।’ শুধু ছবি সংগ্রহের জন্য অনুমতি দেওয়া হয়নি ফটো এজেন্সিগুলোকে। এর পেছনে বিসিসিআইয়ের যুক্তি হচ্ছে, ‘ফটো এজেন্সিগুলোর প্রাথমিক ব্যবসা হচ্ছে, এই ছবিগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা ও ছবিগুলো নিজেদের নামে লাইসেন্স করা। পাঠকের সুবিধার্থে সংবাদের সঙ্গে ছাপানোর জন্য ছবিগুলো ব্যবহার করতে দেওয়া তাদের মুখ্য উদ্দেশ্য নয়।’ঘটনা যেটাই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর এই দ্বন্দ্বের ফলে আসলে বঞ্চিত হতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা, যাদের কাছে হয়তো অনেক চমত্কার মুহূর্ত স্মরণে রাখার মতো কোনো উপাদানই থাকবে না।