পাক-ভারত সেমিফাইনাল নিয়ে আবার সন্দেহ!
ম্যাচটাকে ঘিরে সন্দেহ বরাবরই ছিল। নানা কারণে যদিও সন্দেহগুলো দানা বাঁধতে পারেনি। কিন্তু বিশ্বকাপের ভারত-পাকিস্তান সেমিফাইনালটি পাতানো ছিল, এই সন্দেহ আরও জোরালো করছে ব্রিটেনের ডেইলি মেইল। স্পোর্টস বেটিং সাংবাদিক এড হকিন্সের প্রকাশিতব্য এক বইয়ের কিছু নির্বাচিত অংশ ছাপিয়েছে পত্রিকাটি। পার্থিব নামের এক বাজিকর তাঁকে আগেভাগেই হুবহু বলে দিয়েছিলেন পাকিস্তানের ইনিংসে কী কী ঘটবে! টুইটার বার্তায় পার্থিব নাকি হকিন্সকে বলেছিলেন, ‘পাকিস্তান মোটামুটি সহজেই ১০০ রান তুলবে, এরপরই দ্রুত দুটি উইকেট হারাবে। ১৫০ রান তুলতে হারাবে ৫ উইকেট আর শেষ পর্যন্ত ম্যাচটি হারবে ২০ রানের বেশি ব্যবধানে।’ মোহালিতে আসলেও হয়েছিল তাই। ২ উইকেট হারিয়ে ২৩ ওভারে ১০০ ছুঁয়েছিল পাকিস্তান, দ্রুত ২ উইকেট হারিয়ে রান হয়ে যায় ৪ উইকেটে ১০৬। পঞ্চম উইকেট পড়ে ১৪২ রানে। ২৬০ রান তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটি হারে ২৯ রানে। হকিন্স ম্যাচ পাতানোর সুনির্দিষ্ট অভিযোগ তোলেননি। তবে এক পরিসংখ্যানবিদের বরাতে জানিয়েছেন, শুধু অনুমান করে এতটা বিস্তারিত ও নিখুঁত বলার সম্ভাবনা ৪০৫ ভাগের ১ ভাগ।পাকিস্তানের বাজে ফিল্ডিং, এক শচীন টেন্ডুলকারের ক্যাচই ফেলা চারবার, অধিনায়ক মিসবাহ-উল-হকের মন্থর ব্যাটিং মিলিয়ে ম্যাচটাকে ঘিরে সংশয় বিশ্বকাপের পর থেকেই। পাকিস্তান ও ভারতের পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে এটা নিয়ে। কিন্তু তদন্তের কোনো প্রয়োজন নেই বলেই মত দিয়েছিলেন আইসিসির সেই সময়ের প্রধান নির্বাহী হারুন লরগাত। দুই বোর্ডও কিছু করেনি। তবে এখন তদন্তের প্রয়োজন দেখছেন সেই সময়ের পিসিবি প্রধান ইজাজ বাট, ‘আমার পরামর্শ হলো এটার তদন্ত করা প্রয়োজন। ভারতীয় পত্রপত্রিকায় সে সময় অনেক লেখালেখি হয়েছে, পাকিস্তানেও হয়েছে, কিন্তু কোনো তদন্ত হয়নি।’তবে ওই ম্যাচে ৪২ রানে ২ উইকেট নেওয়া বোলার সাঈদ আজমল উড়িয়ে দিয়েছেন অভিযোগ, ‘আমাদের আসন্ন ভারত সফরকে ভেস্তে দিতেই এখন এসব অভিযোগ তোলা হচ্ছে। এসব গল্পের কোনো সারবত্তা নেই। আমি ওই ম্যাচে খেলেছি, জানি প্রতিটি ক্রিকেটার দাঁতে দাঁত চেপে লড়েছে।’ এএফপি।