পাক স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়
অস্ট্রেলীয় পেসারদের কাছে হেরে গেলেন পাকিস্তানি স্পিনাররা। হারলেন ন্যূনতম ব্যবধানে। নিজেদের সবটা নিংড়ে দিয়েও জেতাতে পারলেন না দলকে। জেতাবেন কী করে! ব্যাটসম্যানরা জয়ের জন্য প্রয়োজনীয় রানই তো এনে দিতে পারেননি। পরশু শারজায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র ১৯৯ রানের। ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে সফরকারীরা। আগামীকাল আবুধাবিতে হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।অস্ট্রেলিয়ার দুই ফাস্ট বোলার মিচেল স্টার্ক (৫/৪২) ও জেমস প্যাটিনসন (৩/১৯) মিলেই ধ্বংস করেছেন পাকিস্তানকে। ৪৫.১ ওভারেই ১৯৮ রানে অলআউট টস জিতে ব্যাটিং নেওয়া দলটি। অস্ট্রেলিয়া জিতলেও পাকিস্তানের স্পিনত্রয়ীর বিপক্ষে হাঁসফাঁস করতে হয়েছে। শহীদ আফ্রিদি, সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজের ৩০ ওভার থেকে অস্ট্রেলিয়া তুলতে পারে মাত্র ৯৬ রান। আর অস্ট্রেলিয়ার ৬টি উইকেটই গেছে এই তিনজনের পকেটে।মাইকেল ক্লার্ক, জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া অন্যরা অসহায় ছিলেন স্পিনের সামনে। ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে বাঁচিয়েছে অধিনায়ক ক্লার্কের ৯৬ বলে খেলা ৬৬ রানের ধীরস্থির ইনিংস। পঞ্চম উইকেটে বেইলির সঙ্গে যোগ করেছেন ৫৪ রান। ৪৯তম ওভারে আইজাজ চিমার প্রথম দুই বল থেকে ছয় ও এক রান নিয়ে ম্যাচ শেষ করা বেইলি অপরাজিত থাকেন ৫৭ রানে। ম্যাক্সওয়েলকে (৩৮) সঙ্গী করে ষষ্ঠ উইকেটে ৬৩ রান করেছেন বেইলি।অস্ট্রেলিয়ার মতো পাকিস্তানের ইনিংসেও দুটি ফিফটি। আসাদ শফিক (৫৬) ও উমর আকমল (৫২) মিলেই গড়েছিলেন পাকিস্তানের ইনিংসের সবচেয়ে বড় জুটিটি। পঞ্চম উইকেটে ৬১ রান করেন ২টি করে চার ও ছক্কা হাঁকানো এই দুই ব্যাটসম্যান। ৩৬তম ওভারে ১৬০ রানে শফিকের বিদায়ের পরই বিপর্যয়। ৯.৪ ওভারে ৩৯ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় পাকিস্তান।পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক হারের জন্য দায়ী করেছেন পুরো ওভার খেলতে না পারাটকেই, ‘আমাদের অন্তত ৩০টা রান কম হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৫০ ওভার ব্যাট করা। আমাদের যে বোলিং লাইনআপ তাতে হয়তো ২৩০ বা ২৪০ রানই হতো জয়ের জন্য যথেষ্ট।’ম্যাচসেরা হয়েছেন নয় ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়া মিচেল স্টার্ক। রয়টার্স, ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৪৫.১ ওভারে ১৯৮ (হাফিজ ৪, জামশেদ ২৩, আজহার ৫, শফিক ৫৬, মিসবাহ ২৬, উমর ৫২, কামরান ৪, আফ্রিদি ০, তানভির ১, আজমল ৮, চিমা ২*; প্যাটিনসন ৩/১৯, স্টার্ক ৫/৪২, ক্লার্ক ০/৮, ডেভিড হাসি ০/৯, জনসন ১/৪৩, ক্রিস্টিয়ান ১/৩৭, ম্যাক্সওয়েল ০/২৭)।অস্ট্রেলিয়া: ৪৮.২ ওভারে ১৯৯/৬ (ওয়ার্নার ৫, ওয়েড ১০, ক্লার্ক ৬৬, মাইক হাসি ৫, ডেভিড হাসি ৩, বেইলি ৫৭*, ম্যাক্সওয়েল ৩৮, ক্রিস্টিয়ান ৩*; তানভির ০/৪৭, হাফিজ ২/২৯, চিমা ০/৩৮, আফ্রিদি ১/৩৭, আজমল ৩/৩০, আজহার ০/১২)।ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক।