পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে আইসিসির সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপ থেকে পুরোপুরি মুক্ত রাখতে হবে জানিয়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে সতর্কবার্তা পাঠিয়েছে আইসিসি। আগামী দুই বছরের মধ্যেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন করে ক্রিকেট বোর্ডের আলাদা পরিচিতি নির্মাণ করতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘২০১২ সালের জুন মাসের মধ্যেই আইসিসির এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে এরপর আরও এক বছর সময় বোর্ডগুলোকে দেওয়া হবে। বর্তমান ক্রীড়াজগতে এটা একটি প্রতিষ্ঠিত নীতি যে জাতীয় ক্রীড়া সংগঠনগুলো স্বায়ত্তশাসিত হতে হবে এবং এটাকে সরকারি হস্তক্ষেপ থেকে পুরোপুরি মুক্ত রাখতে হবে।’ এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও চিন্তা করা হবে বলে সতর্ক করে দিয়েছে আইসিসি।উল্লেখ্য, পাকিস্তান ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রধান নিযুক্ত হন সরকারের ইচ্ছানুযায়ী। শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের অনেক সিদ্ধান্তই দেশটির ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। রয়টার্স।