প্রথম টেস্টে বিশাল জয়ের পরও ইংল্যান্ড ছিল সতর্ক। কারণ দলটার নাম পাকিস্তান, যারা চমকে দিতে পারে যেকোনো সময়। কাল সত্যি সত্যিই চমকে দিল পাকিস্তান। মাত্র ৭২ রানে অলআউট হলে প্রতিপক্ষ দলের জন্যও সেটি চমক তো অবশ্যই! চারটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ড ব্রড আর জেমস অ্যান্ডারসন।মাত্র আগের টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা গড়েছিল। পরের টেস্টেই সেই রেকর্ড নতুন করে লেখাল সালমান বাটের দল। তাদের টেস্ট ইতিহাসেই এটা চতুর্থ সর্বনিম্ন স্কোর। এজবাস্টন টেস্টের প্রথম দিনেই এমন লজ্জায় অবনত পাকিস্তান আরও একবার তাকিয়ে বোলারদের দিকে। আলোর স্বল্পতায় ঘন্টাখানেক আগেই দিনের খেলা শেষ হওয়ার সময় ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে ইংল্যান্ড। ফারহাত-গুলরা ক্যাচ মিস না করলে দিনটা স্বস্তিতে শেষ করতে পারত না স্বাগতিকরাও।টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা যে ‘আত্মঘাতী’ নাকি ‘সাহসী’ সেটি প্রমাণের ভার ছিল বাটের ওপরই। কিন্তু ওপেনিং সঙ্গী ইমরান ফারহাতকে নিয়ে তাঁর খাবি খেতে দেখা পাকিস্তানি ড্রেসিংরুমে নিশ্চয়ই উল্টো আতঙ্ক বইয়ে দিয়েছিল। প্রথম এক ঘণ্টায় পাকিস্তান রান তুলেছে মাত্র ৯টি! অষ্টম ওভারে ফারহাত যখন স্লিপে ‘প্রাণ’ দিলেন, পাকিস্তানের স্কোরও তখন ৮।ফারহাতের পর আজহার আলীও আউট হয়েছেন শূন্য রানে। এই দুই ব্যাটসম্যান মিলে বল খেলেছেন ৫৬টি! সব মিলে চার ব্যাটসম্যান রানের খাতা খুলতে ব্যর্থ। সর্বোচ্চ ২৭ রানের জুটি সপ্তম উইকেটে। মাত্র তিনজন বোলার ব্যবহার করেছে ইংল্যান্ড। ৪০ ওভারও লাগেনি পাকিস্তানকে অলআউট করতে। এর মধ্যে ১৬ ওভারই মেডেন। ১০ জনের ছয় ব্যাটসম্যানই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এই হলো পাকিস্তানের ইনিংসের সারমর্ম।ফারহাতকে আউট করে শুরুটা করেছিলেন ব্রড। আজহার আলী, উমর আমিন আর কামরান আকমলের বদলে সুযোগ পাওয়া জুলকারনাইন হায়দারও তাঁর শিকার। ব্রডের চার আঘাতে পাকিস্তান লাঞ্চে গেছে ৩৬/৬ স্কোর নিয়ে।শুরুটা ব্রড করেছেন, শেষটা করেছেন জেমস অ্যান্ডারসন। ৫০তম টেস্ট খেলতে নামা এই পেসার শুরুটা করেছিলেন শোয়েব মালিককে দিয়ে। এরপর মোহাম্মদ আমির, উমর গুল আর মোহাম্মদ আসিফকে ফিরিয়ে দিয়ে ছেঁটে ফেলেছেন লেজটা। সিরিজ শুরুর আগে যাঁর ফর্ম নিয়ে বিস্তর কথাবার্তা হচ্ছিল, সেই অ্যান্ডারসন সর্বশেষ তিন ইনিংসে তুলে নিলেন ১৫ উইকেট।এই ব্যর্থতার প্রদর্শনী নিশ্চিত করল তৃতীয় টেস্টে মোহাম্মদ ইউসুফের দলে ফেরা। কে জানে, সিরিজের চতুর্থ টেস্টে ইউনুস খানকেও না ডেকে পাঠায় পাকিস্তান! ওয়েবসাইট।গোল্ডেন ডাকটেস্ট অভিষেকে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন জুলকারনাইন। টেস্ট ইতিহাসে ৮১তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে পেলেন ‘গোল্ডেন ডাক’।