পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আমিরাতে
শ্রীলঙ্কা অনেক আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) লঙ্কান বোর্ড জানিয়ে দেয়, পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। শ্রীলঙ্কার কাছে প্রত্যাখ্যাত হয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে দৃষ্টি দেয় পিসিবি। শেষ পর্যন্ত আমিরাতেই সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ‘পাকিস্তান অবজারভার’-এর খবরে বলা হয়েছে, আগামী বুধবার পিসিবির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমিরাত ক্রিকেট বোর্ডের ((ইসিবি) সঙ্গে আলোচনার জন্য আমিরাতে যাচ্ছেন। ওই বৈঠকে সিরিজের সফরসূচি চূড়ান্ত করা হবে। বৈঠক শেষে আমিরাতকে আয়োজক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গড়া সিরিজটি আগামী আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা।আমিরাতের দুবাই ও আবুধাবিতে এর আগেও সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। কিন্তু সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি পাকিস্তানের নেই।আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান দিলওয়ার মানি এর আগে পাকিস্তানি দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেছিলেন, ‘পিসিবি আমাদের সঙ্গে সিরিজভিত্তিক চুক্তি করতে চায়। কিন্তু এটি করতে গেলে অর্থনৈতিক সংকটে পড়বে ওরা। কারণ, অল্প সময়ের মধ্যে ভালো স্পনসর পাওয়া কঠিন। নিজেদের স্বার্থেই সঠিক কৌশল ও পরিকল্পনা নিয়ে পিসিবিকে এগিয়ে আসার পরামর্শ দিচ্ছি আমি।’২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এরপর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। বাস্তবতা বলছে, খুব শিগগির পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার সম্ভাবনা নেই।