পাকিস্তান আর আনপ্রেডিক্টেবল নয়: মিসবাহ
ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ২ রানের ঘাম-ঝরানো জয় দিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ ঘরে তুলেছে পাকিস্তান। উপমহাদেশের বিশ্বকাপ-খ্যাত এই প্রতিযোগিতার শিরোপা জয়ের পর পাকিস্তানের গায়ে আর কোনোভাবেই আনপ্রেডিক্টেবল তকমাটা লাগিয়ে রাখতে রাজি নন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।গত ১৮ মাসে একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া ছাড়া আর কোনো সিরিজে হারের মুখ দেখতে হয়নি পাকিস্তানি ক্রিকেট দলকে। কোনো দল একেবারেই আনপ্রেডিক্টেবল হলে সাফল্যের হার এত বেশি হতে পারে না বলেই মনে করেন মিসবাহ। বাংলাদেশ থেকে এশিয়া কাপ জয়ের পর দেশে ফিরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাফল্যের হার খুবই বেশি। কোনো আনপ্রেডিক্টেবল দলের এত ভালো রেকর্ড থাকতে পারে না।’ নিজের কিছুটা ধীরগতির ব্যাটিং নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানি অধিনায়ককে। তবে এসব সমালোচনায় একেবারেই কান দিতে চাচ্ছেন না মিসবাহ। তিনি বলেছেন, ‘এ ধরনের সমালোচকেরা কখনোই ক্রিকেট খেলেনি। সুতরাং তাদের এ ধরনের কথা না শোনাই ভালো।’ টাইমস অব ইন্ডিয়া।