পাকিস্তান আর জয়ের মাঝখানে হাসি
অভিজ্ঞ চোখ বলে কথা। সিডনিতে ১০টি টেস্ট খেলেছেন রিচি বেনো, ধারাভাষ্যকার হিসেবে দেখেছেন আরও বেশি। ম্যাচের প্রথম সকালে যখন আগুন ঝরাচ্ছিলেন আসিফ-সামি, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও লেগ স্পিনিং অলরাউন্ডার বেনো বলেছিলেন, সিডনির উইকেটে যতই ঘাস থাকুক, বল এখানে স্পিন করবেই। কাল কী দারুণভাবেই না সত্যি প্রমাণিত হলো তাঁর কথা!আর তাতে পুড়ল বেনোর উত্তরসূরিরাই। প্রথম ইনিংসে ২০৬ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ওয়াটসন-হিউজের ব্যাটে শুরুটা করেছিল দুর্দান্ত। ১০ উইকেট অক্ষত রেখেই ব্যবধানটা কমিয়ে এনেছিলেন তাঁরা ১০১ রানে। কিন্তু স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর আশা ধূলিসাত্ হয়ে গেছে দানিশ কানেরিয়ার লেগ স্পিনে। দিনশেষে অস্ট্রেলিয়ার রান ২৮৬, লিড ৮০ রানের, কিন্তু উইকেট হাতে আছে মাত্র ২টি।এই মাঠে আগের ম্যাচেই (২০০৫ সালে) যে শার্ট পরে নিয়েছিলেন ৭ উইকেট, কানেরিয়ার সেই শার্টটি সংরক্ষিত আছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের জাদুঘরে। কাল নিয়েছেন চার উইকেট। বাকি দুই উইকেটের একটিও যদি নিতে পারেন, আর এই ম্যাচ জিতে পাকিস্তান যদি কাটিয়ে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫ বছরের টেস্ট জয়ের খরা, নিশ্চিতভাবেই সিডনির জাদুঘর সমৃদ্ধ হবে কানেরিয়ার আরেকটি শার্টে। তবে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে ইনজুরিতে পড়ে যেভাবে ফিজিও ও দ্বাদশ ব্যক্তির কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন, তাতে আজ কানেরিয়া বোলিং করতে পারবেন কি না সংশয় আছে।৩ উইকেট নিয়ে কাল পাকিস্তানের পার্শ্বনায়ক উমর গুল। আগের টেস্টে বাদ পড়েছিলেন, এই টেস্টে ভালো না করলে আর ইনজুরি থেকে মোহাম্মদ আমির ফিরলে কোপটা নিশ্চিতভাবেই তাঁর ওপর পড়ত। ওয়াটসন ও পন্টিংয়ের গুরুত্বপূর্ণ উইকেটের পর শেষ বিকেলে হরিজকেও আউট করে পরের টেস্টে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের কাজটা কঠিন করে দিলেন গুল। প্রথম ইনিংসে আসিফ-সামি, দ্বিতীয় ইনিংসে কানেরিয়া-গুল বল হাতে জ্বলে উঠলেন, সন্তুষ্ট হওয়ার মতো অনেক কারণই খুঁজে পাবেন বোলিং কোচ ওয়াকার ইউনুস।সকালে পাকিস্তানের শেষ উইকেট নিতে মাত্র ৫ বল খরচ করতে হয়েছিল অস্ট্রেলিয়ার। এরপর ওয়াটসন-হিউজ উদ্বোধনী জুটিতে যখন তুলে ফেললেন ১০৫, মনে হচ্ছিল ম্যাচে ভালোভাবেই ফিরছে অস্ট্রেলিয়া। দারুণ এক ফিরতি ক্যাচে হিউজকে ফিরিয়ে প্রথম বেক থ্রোটা দেন কানেরিয়া। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে ফিফটি জুটি একটিই, চতুর্থ উইকেটে ক্লার্ক-হাসির ৫৮। শেষ ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা ৪০ রানে। ওয়াটসন খেলছিলেন দারুণ, ৩টি ছক্কা মেরেছেন পুল শটে। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে গুলের একটু বেশি লাফিয়ে উঠা বলে কট বিহাইন্ড। গত চার টেস্টে ওয়াটসনের তৃতীয় নড়বড়ে নব্বই, আরও একটি আছে ৮৯।পাকিস্তান আর জয়ের মাঝে একমাত্র বাধা হয়ে থাকা মাইক হাসির তিনটি সহজ ক্যাচ কাল ছেড়েছেন কামরান আকমল একাই। তিনটিই কানেরিয়ার বলে—২৭, ৪৫ ও ৫২ রানে। ওই তিনটি ক্যাচ না ছাড়লে হয়তো খেলা তৃতীয় দিনেই শেষ হয়ে যেত।