পাকিস্তান আসছে না

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে পাকিস্তানের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সেই উপলক্ষে পাকিস্তানের ঢাকায় পৌঁছানোর কথা ছিল ১২ আগস্ট। কিন্তু আজ রোববার বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানের ঢাকা সফর বাতিল করা হয়েছে। কারণ হিসেবে ‘অনিবার্য’ অসুবিধার কথাই উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
পাকিস্তানই নাকি সফরটি বাতিল করেছে—সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কথাই বলা হয়েছে। অথচ পাকিস্তান ফুটবল ফেডারেশনই বাফুফেকে চিঠি দিয়ে এই সফরে নিজেদের আগ্রহের কথা জানিয়েছিল। খুব সম্ভবত, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও পাকিস্তান একই গ্রুপে থাকায় পাকিস্তান সফর থেকে পিছিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের এই সিদ্ধান্তে অবশ্য খুশি হতে পারেন বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ। তিনিও সাফ চ্যাম্পিয়নশিপের আগে পাকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের বিপক্ষে ছিলেন। প্রথমে দুটি প্রীতি ম্যাচের কথা থাকলেও ক্রুইফের চাপে তা একটিতে কমিয়ে আনা হয়। পাকিস্তান ঢাকা সফরে না আসায় এ মুহূর্তে ক্রুইফও নিশ্চয়ই বেশ খুশি।