পাকিস্তান-ইংল্যান্ড বিরোধের অবসান চান আফ্রিদি
পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর থেকে দিনে দিনে অনেক অবনতি হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড সম্পর্ক। কিন্তু এই বিরোধকে আর বাড়াতে চান না পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি। ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই কোণঠাসা অবস্থায় আছে পাকিস্তান। গত বছর লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে আসতে রাজি হচ্ছে না কোনো দেশই। বিভিন্ন নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের হোম সিরিজগুলো খেলতে হচ্ছে তাদের। ইংল্যান্ড পাকিস্তানকে সেই নিরপেক্ষ ভেন্যুর সুবিধা দিতে রাজি হয়েছিল। কিন্তু স্পট ফিক্সিং বিতর্কের পর ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হওয়ায় পাকিস্তান হারাতে বসেছে তাদের সেই নির্ভরযোগ্য নিরপেক্ষ ভেন্যু। কিন্তু ইংল্যান্ডের কাছ থেকে এই নিরপেক্ষ ভেন্যুর সুবিধাটা হারাতে কোনোমতেই রাজি নন শহীদ আফ্রিদি। জিও সুপার টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি না হলে আমরা ইংল্যান্ডকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার সুবিধাটা হারাব আর সেটা আমাদের জন্য ভালো কিছু হবে না। ইসিবির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সচেষ্ট হওয়া উচিত; কারণ, পাকিস্তানি ক্রিকেটের এই ক্রান্তিকালে আমাদের সব দেশেরই সাহায্য দরকার।’—ক্রিকইনফো