পাকিস্তান-ইংল্যান্ড সব টেস্টই পাতানো ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির ঘটনা ফাঁস করে বোমা ফাটিয়েছিল ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’। আর এদিকে পাকিস্তানের একটি টেলিভিশনের শোতে অংশ নেওয়া এক বাজিকরের দাবি সত্যি হলে তার চেয়েও বড় বোমা ফাটতে যাচ্ছে। গত মাসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত চার টেস্টের সিরিজের সব কটি ম্যাচই না কি ছিল পাতানো!লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত তিন ক্রিকেটার মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আইসিসি। ‘চতুর্থ ক্রিকেটার’ হিসেবে ওয়াহাব রিয়াজের নাম আসায় লন্ডনে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তবে মুখ ঢেকে টেলিভিশন শোতে অংশ নেওয়া বাজিকরের দাবি, বর্তমানে পাকিস্তান দলে আরও দুইজন ক্রিকেটার আছেন, যাঁরা টেস্ট সিরিজে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত। আর পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার অতীতে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন। এ প্রসঙ্গে দলের দুইজন শীর্ষ স্পিনার ও একজন উদ্বোধনী ব্যাটসম্যানের নাম উল্লেখ করেছেন তিনি।টেলিভিশন শোতে ওই বাজিকর আরও বলেন, ‘মুঠোফোনে কথা বলে ম্যাচ পাতানো হয়, এটা ভুল ধারণা। বেশির ভাগ ব্যবসা চলে ল্যান্ডলাইন নম্বরের মাধ্যমে। আর স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং পরিচালিত হয় মূলত ইংল্যান্ড থেকে।’ তিনি আরও বলেন, ‘জুয়াড়িদের বৃহত্তম বাজার হলো ভারত। বেশির ভাগ স্পট ফিক্সিংয়ের ঘটনা ভারতে অনুষ্ঠিত হয়। বিপুল অঙ্কের অর্থ দিয়ে এসব ঘটনায় ক্রিকেটারদের যুক্ত করা হয়।’এদিকে করাচি থেকে একটি সূত্র জানিয়েছে, টেলিভিশন শোর পরই সেই বাজিকরকে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থা। কিন্তু এখন পর্যন্ত তাঁর অবস্থান বা পরিচয় নিশ্চিত হতে পারেনি তারা। —টাইমস অব ইন্ডিয়া।