পাকিস্তান-উইন্ডিজ ম্যাচে ব্যবধান গড়বে ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষের দিকে। সেমিফাইনালে ওঠার লড়াইও প্রায় শেষ। বাকি শুধু ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচটাই। খুবই আকর্ষণীয় লড়াই হবে এটি। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ভারতের কাছে হার দিয়ে শুরু করার পর উন্নতি করেছে। অসিদের সঙ্গে দুই দলই খেলেছে দারুণ।
অথচ এই অসিরাই বড় কিছু করার আশা নিয়ে এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। গত ম্যাচে ক্যারিবিয়ানদের বড় লক্ষ্য তাড়া করতে হয়েছিল ওদের। শেষ দিকে ড্যারেন স্যামি ধুন্ধুমার ব্যাট করে বাঁচিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল আশা। তাদের উদ্যাপনটা ছিল দুর্দান্ত, যদিও সেটি ঠিক স্বাভাবিক ক্যারিবীয় উদ্যাপন নয়। ওয়েস্ট ইন্ডিজকে এ রকম খেপতে কেউ দেখেনি। অ্যামব্রোস, ওয়ালশরা শীতল চাহনি দিত, কিন্তু মুখে কিছু বলত না। এই উদ্যাপনটা দেখিয়েছে ক্যারিবীয়রা কিছু প্রমাণ করার জন্যই এসেছে। তারা হয়তো এটা উপলব্ধি করেছে যে যদি দৃঢ়প্রতিজ্ঞ থাকলেই তারা আরও ভালো খেলে এবং পৃথিবীর যে কাউকেই এই সংস্করণে হারাতে পারে। পাকিস্তানিদের সঙ্গে আজকের খেলায় এই মনোভাবটাই ওদের দরকার। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখা উচিত, পাকিস্তান এই কন্ডিশনে অসিদের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। কারণ ওদের স্পিনাররা কন্ডিশনটা অসিদের চেয়ে বেশি ভালোভাবে কাজে লাগাতে পারে।
দুই দলেরই ভালো কয়েকজন স্পিনার আছে। ব্যাটিং যারা বেশি ভালো করবে তাদের সম্ভাবনা বেড়ে যাবে। কাগজে-কলমে ক্যারিবিয়ানদের ব্যাটিং বেশি ভালো। গেইল ও স্যামি ফর্মে ফেরায় সুযোগটা তারা নিতেই চাইবে। শেহজাদের সেঞ্চুরিও পাকিস্তানকে বেশ স্বস্তি দেবে। এমন একটা গতির জন্য উমর আকমলের দিকেই তারা বেশি তাকিয়ে থাকত। কিন্তু অন্য প্রান্ত থেকে কারও সমর্থন প্রায় অজেয় করে তুলতে পারে তাদের।
অন্যদিকে ভারত আবারও দুর্দান্ত খেলল। সবাই যখন ভাবছিল, অস্ট্রেলিয়াই কঠিনতম প্রতিরোধ গড়ে তুলবে, নিজেদের সেরা পারফরম্যান্সটা বের করল ভারত। যুবরাজ ফর্মে ফেরায় অনেকটা ভার নেমে গেছে দলের। ব্যাটসম্যানরা ব্যাটে রান নিয়ে সেমিতে যাচ্ছে, এটা দলের জন্য বড় এক প্রেরণা। স্পিনাররা আবারও দারুণ বোলিং করেছে, আর রবি অশ্বিন প্রতিটি ম্যাচে আরও ভালো করা মানে মিরপুরে দক্ষিণ আফ্রিকার কাজটা হতে যাচ্ছে কঠিন।
সবাইকে হতাশ করেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা ফর্মটা অস্ট্রেলিয়া এখানে হারিয়ে ফেলেছে। উপমহাদেশে সঠিক সমন্বয়টার দিকেও তাদের নজর দিতে হবে। শুরুতেই পেসারদের দিকে বেশি ঝুঁকে ভুল করেছে তারা, কন্ডিশনটাও ঠিকমতো কাজে লাগাতে পারেনি। এই উপমহাদেশে স্পিনাররা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এটা নিয়ে ওদের আরও কাজ করতে হবে।
অন্যদিকে বাংলাদেশের আর গভীর আত্মানুসন্ধান দরকার। তাদের অনুজ্জ্বল মনে হয়েছে। স্বীকার করতেই হবে, গত দুই বছরে ওদের মান নিচে নেমে গেছে। প্রতিভাবান খেলোয়াড় থাকলেও মাঠে গিয়ে সেভাবে তারা ভাবছে না। সাকিবের মতো খেলোয়াড়কে আরও বেশি অবদান রাখতে হবে। এনামুলও প্রতিভাবান। কিন্তু কোচিং স্টাফকে নিশ্চিত করতে হবে অতীতের অনেক প্রতিভার মতো ও যেন হারিয়ে না যায়।