পাকিস্তান-উইন্ডিজ সিরিজেও ম্যাচ পাতানোর মেঘ!

ভালো সমস্যায়ই পড়েছে পাকিস্তান ক্রিকেট। সাফল্য না পেলে তো সমালোচনা আছেই, ভালো খেলে জয় পেলেও উঠছে ম্যাচ পাতানোর অভিযোগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ জিতে যেখানে আনন্দ-ফুর্তি করার কথা, সেখানে উল্টো ম্যাচ পাতানোর অভিযোগ সামলাতে হচ্ছে পাকিস্তানকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি পাতানো ছিল কি না, এমন সন্দেহ প্রকাশ করেছে ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা ‘ডেইলি মেইল’। প্রতিবেদনটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সিরিজের তৃতীয় ম্যাচটির কথা। সেন্ট লুসিয়ায় উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয়েছিল টাই দিয়ে। খেলাটি টাই হবে—এই ফলাফলের ওপর নাকি অস্বাভাবিক হারে বাজি ধরেছিল জুয়াড়িরা। অভিযোগ উঠেছে, সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিয়েও। সেখানে ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে একটা রানও সংগ্রহ করতে পারেননি দুই পাকিস্তানি ওপেনার। এ সময়ে আসা পাঁচটি রানই এসেছিল অতিরিক্ত থেকে।
দুটি ম্যাচই আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কর্মকর্তারা তদন্ত করে দেখবেন বলেও জানানো হয়েছে ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনে।
ব্রিটিশ গণমাধ্যমের এই প্রতিবেদনে অবশ্য চটে গেছেন পাকিস্তান ক্রিকেট অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ‘কুচক্রী একটা মহল’ থেকেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন পিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা, ‘এটা খুব বাড়াবাড়িই হয়ে যাচ্ছে। প্রতিবারই যখন আমাদের দল ভালো করে, একটা সিরিজ জেতে, তখনই এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদনগুলো প্রকাশিত হয়। একটা মহল আমাদের খেলোয়াড়দের মনোবল ভেঙে দেওয়ার জন্যই কাজগুলো করে।’
তবে এটা অবশ্য পিসিবির আনুষ্ঠানিক বক্তব্য নয়। আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে পিসিবি। আজ এক বিবৃতিতে তারা বলেছে, ‘পিসিবি সাম্প্রতিক এই অভিযোগ খুবই গুরুত্ব দিয়ে দেখছে। খেলায় দুর্নীতির ব্যাপারে পিসিবি কোনো সহনশীলতা দেখাবে না। কিন্তু এটা তদন্তের ভার আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের। এ বিষয়ে আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখব। তারাও হয়তো খুব দ্রুতই গণমাধ্যমের উদ্দেশে কিছু বক্তব্য দেবে।’ সূত্র: ক্রিকইনফো।
আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে