পাকিস্তান এখন আগের চেয়ে নিরাপদ: আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল হক
সৈয়দ আশরাফুল হক

দ্রুতই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পক্ষে সৈয়দ আশরাফুল হক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এই প্রধান নির্বাহী মনে করেন, দেশটির নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার অবশ্য পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য দেশটির ক্রিকেট কর্মকর্তাদের প্রচেষ্টার ওপরই গুরুত্ব দিতে চান, ‘আমি মনে করি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এবং এ ব্যাপারটা ক্রিকেট দুনিয়ায় তুলে ধরতে হবে পাকিস্তানের ক্রিকেট সংগঠকদেরই। পাকিস্তানি সংগঠকদের উচিত এ ব্যাপারে আরও বেশি পদক্ষেপ নেওয়া।’
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন পুরোপুরিই বন্ধ হয়ে আছে। দেশটির আশঙ্কাজনক নিরাপত্তা পরিস্থিতির কারণে অবশ্য ২০০৯ সালের অনেক আগে থেকেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শীর্ষ দেশগুলোর সফর বন্ধ ছিল।
আশরাফুল পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে একটা প্রস্তাবও দিয়েছেন। তিনি মনে করেন, আগে আরব আমিরাত, হংকং, আফগানিস্তান ও নেপালের মতো দেশগুলোকে পাকিস্তানে নিয়ে আসতে হবে। এই সফরগুলো সফলভাবে সম্পন্ন হলে ক্রিকেট দুনিয়ার বড় দলগুলোও পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে। এএনআই।