পাকিস্তান এখন মিসবাহর দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি শেন ওয়ার্ন আর মিসবাহ-উল-হক? সুদূরতম কল্পনাতেও এই দুজনকে এক সারিতে রাখা কঠিন। ক্রিকেটার ওয়ার্ন-মিসবাহতে হাজারো অমিল। এর চেয়েও অনেক বেশি পার্থক্য বোধহয় ব্যক্তি চরিত্রে। অথচ বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের আগে এই দুজনই ছিলেন পাশাপাশি!ব্যক্তিত্বটা অধিনায়কত্বের গুরুত্বপূর্ণ একটা অংশ বলেই এই প্রসঙ্গটা টানা। দুজনকে পাশাপাশি রেখেছিল তো অধিনায়কত্বই। ওয়ানডেতে কমপক্ষে ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, এমন অধিনায়কদের মধ্যে যৌথভাবে সাফল্যের শীর্ষে ছিলেন দুজন। অধিনায়ক ওয়ার্নের ১১ ম্যাচে ১০ জয় (সাফল্যের হার ৯০.৯০)। পরশু বাংলাদেশকে হারিয়ে ওয়ার্নকে ছাড়িয়ে গেছেন মিসবাহ। ১২ ম্যাচে ১১ জয়, সাফল্যের হার ৯১.৬৬! এই রেকর্ড আরেকটু সমৃদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা।এতেই হয়তো ওয়ার্নের চেয়ে ভালো অধিনায়ক প্রমাণিত হয়ে যাচ্ছেন না মিসবাহ। তবে একটা ব্যাপার ক্রমেই নিশ্চিত হয়ে যাচ্ছে, পাকিস্তানের জন্য মিসবাহর মতো একজন অধিনায়কই দরকার। মাঠে যেমন, তেমনি মাঠের বাইরেও প্রতিটি পদক্ষেপে শান্ত, সুস্থির। হাজারো বিতর্কে জর্জরিত দলটা তাঁর ছায়ায় যেন খুঁজে পেয়েছে নিরাপদ আশ্রয়।অনেক দিনই পাকিস্তান ক্রিকেটের অন্য নাম হয়ে গেছে বিতর্ক। তবে গত দেড় বছরের মতো উথাল-পাথাল সময় খুব কমই এসেছে। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অধিনায়কসহ দলের অন্যতম সেরা তিন পারফর্মারকে হারানো, সেই তিনজনের জেলে যাওয়া, আরও কয়েকজনকে ঘিরে সন্দেহ, বড় ভাইয়ের পাশে দাঁড়াতে উমর আকমলের চোটের অভিনয়ের গুঞ্জন, কোচ-অধিনায়ক দ্বন্দ্ব, বোর্ড প্রধান-অধিনায়ক দ্বন্দ্ব—ঝড়-ঝাপটায় টালমাটাল সংসারটাকে যোগ্য কর্তার মতোই সামলেছেন মিসবাহ।৩৭তম জন্মদিনের কদিন আগে ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছিলেন আফ্রিদির শর্তসাপেক্ষ অবসরে। ওয়ানডে অধিনায়কত্বের রেকর্ডটা তো জেনেছেনই। টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন গত বছর, সালমান বাটের স্পট ফিক্সিং কাণ্ডের পর। বাটের নেতৃত্বে ইংল্যান্ডে ওই সিরিজটা ৩-১-এ হেরেছিল পাকিস্তান। এরপর মিসবাহর নেতৃত্বে ৫টি সিরিজ খেলে হারেনি একটিও! সিরিজ জিতেছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েতে, শ্রীলঙ্কাকে হারিয়েছে ‘ঘরের বাইরে ঘর’ মধ্যপ্রাচ্যে, ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ওয়ানডের মতো মিসবাহর নেতৃত্বে পাকিস্তান টেস্টও হেরেছে মাত্র ১টি, জিতেছে ৪টি, আর ৫টি ড্র।শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ইউনুস খানের মতো সাবেক অধিনায়কেরা আছেন দলে। আফ্রিদি-ইউনুসরা তো সুযোগ পেলেই স্তুতিতে ভাসাচ্ছেন মিসবাহকে। আজমল-রেহমান-চিমার মতো ত্রিশোর্ধ্বরা যেমন আছেন, আছেন সরফরাজ-আকমলের মতো তরুণেরাও। সবাইকে এক সুতোয় গাঁথতে পেরেছেন হয়তো ব্যক্তিত্বের কারণে। আর শ্রদ্ধা আদায় করে নিয়েছেন ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। এমনিতে টেস্ট ব্যাটিং-গড় ৪৬.২৬, কিন্তু অধিনায়কের ভূমিকায় তা ৮০.৮১। ওয়ানডে ব্যাটিং-গড় ৪২.৭০, অধিনায়ক হিসেবে ৫২.৫০! ইমরান খানের পর এই প্রথম তাই হয়তো পাকিস্তানের কোনো দলকে মনে হচ্ছে অধিনায়কের দল!