পাকিস্তান এখনো অনিরাপদ: শোয়েব
ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই। তবে এখনই পাকিস্তানের মাটিতে কোনো ক্রিকেট সিরিজ আয়োজন না করতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ শোয়েব আকতার।শোয়েব মনে করেন, বিদেশিদের নিয়ে সিরিজ আয়োজনের মতো পরিস্থিতি পাকিস্তানে নেই। এ অবস্থায় বিদেশি দলকে আমন্ত্রণ জানানোটা ঝুঁকিপূর্ণ।‘আমাদের নাগরিকেরা নিরাপদ নয়। দেশে একরকম যুদ্ধ চলছে। এ অবস্থায় বিদেশি দলকে আমন্ত্রণ জানানোটা ঝুঁকিপূর্ণ।’ রাওয়ালপিণ্ডিতে সাংবাদিকদের বলেছেন শোয়েব।২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয় ও আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরে যান লঙ্কান ক্রিকেটাররা। এর পর থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ওই ঘটনার সূত্র ধরে সাবেক ‘স্পিড স্টার’ শোয়েব বলেন, ‘পাকিস্তানে এসে বিদেশি ক্রিকেটাররা আরেকবার হামলার শিকার হলে কী পরিণতি হবে? বিদেশি দলকে আমন্ত্রণ না জানাতে পিসিবিকে অনুরোধ জানাচ্ছি আমি। কারণ, পাকিস্তান এখনো অনিরাপদ। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করার মতো পরিবেশ এখানে নেই।’শোয়েবের বক্তব্যের প্রতিক্রিয়ায় পিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, কিছু বিষয়ের স্পর্শকাতরতা শোয়েবের বোঝা উচিত। ওই কর্মকর্তা বলেন, সবাই জানে, এ মুহূর্তে পাকিস্তানের সত্যিকারের অবস্থা কী। সবকিছু জনসম্মুখে বলা ঠিক নয়। তবে সাবেক ক্রিকেটার হিসেবে মত প্রকাশের অধিকার রয়েছে, যদিও সেগুলো পাকিস্তান ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়।ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করা একমাত্র বোলার শোয়েব আখতার। ২০০২ ও ২০০৩ সালে দুই বার ঘণ্টায় ১০০ মাইলের চেয়ে জোরে বল করার রেকর্ড গড়েন শোয়েব। পাকিস্তানি এই গতিদানব আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের পর। সূত্র: পিটিআই।