পাকিস্তান এবার নিউল্যান্ডসের ফাঁদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ফাঁদ পেতেছে দক্ষিণ আফ্রিকা। ফাঁদ সাধারণত গোপনে পাতা হয়। কিন্তু এখানে লুকোচুরির কিছু নেই। প্রথম টেস্টেই নিজেদের প্রাণভোমরার কৌটাটা পাকিস্তান দেখিয়ে দিয়েছে। ২০ উইকেটের ১৫টিই গেছে উইকেটের পেছনে কিংবা স্লিপে। গ্রায়েম স্মিথের হিসাবটাও পরিষ্কার, জায়গামতো বল ফেলে পাকিস্তানি ব্যাটসম্যানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন, ‘আমি তো চাইব, আমাদের বোলাররা দারুণ অ্যাঙ্গেলে বল করুক, ভালো সুইং পাক। তাদের কাছে এ ধরনের বাউন্স আর অ্যাঙ্গেল মানে এখানকার কন্ডিশনে অন্য মাপের ব্যাটিং করতে হবে। যখন আপনার এতগুলো উইকেট উইকেটের পেছনে চলে যাবে, আপনি অবশ্যই খতিয়ে দেখতে চাইবেন বল ছাড়ার ব্যাপারে আপনার কোনো ভুল হয়ে যাচ্ছে না তো!’সেই ভুল শোধরাতে গিয়ে পাকিস্তান যদি খোলসে ঢুকে আরও বেশি বেশি বল ছাড়তে শুরু করে, সেটা হিতে বিপরীতই হতে পারে তাদের জন্য। স্মিথের কণ্ঠে সেই সতর্কবার্তা, ‘তারাই আমাদের সুযোগ করে দিয়েছে তাদের ওপর চড়াও হতে। ম্যাচের বেশির ভাগ রান রেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম আমরাই। ওরা যদি এই টেস্টে এমন মানসিকতা নিয়ে আসে যে বল শুধু ছাড়বে, তাহলে ওদের আন্দাজের ওপর খেলতে হবে। এতে ওদের ওপর বাড়তি চাপ তৈরির সুযোগ পাব আমরা। খেলাটাও আমাদের পক্ষে যাবে।’স্মিথের পক্ষে অবশ্য একটা জিনিস যাচ্ছে না। নিউল্যান্ডসের উইকেট ওয়ান্ডারার্সের মতো হবে না। কদিন ধরেই কেপটাউনে বেশ গরম। উইকেট থাকবে শুষ্ক। প্রোটিয়া বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মনে করেন, দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলাররা এই গ্রীষ্মে এই প্রথম পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। আলভিরো পিটারসেনও জানিয়ে দিয়েছেন, ‘এটা আর যা-ই হোক ৪৯ রানে অলআউট করে দেওয়ার মতো উইকেট নয়।’কেপটাউনে অবশ্য পাকিস্তানের কোনো সুখস্মৃতি নেই। দুটি টেস্টেই হেরেছে। যদিও ২০০৭ সালে তাদের খেলা সর্বশেষ টেস্ট থেকে চাইলে অনুপ্রেরণার নুড়িপাথর খুঁজে নিতে পারে। প্রথম ইনিংসে ১৫৭ এবং দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে অলআউট হলেও পাকিস্তান প্রোটিয়াদেরও ঘাম ছুটিয়ে দিয়েছিল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৮৩ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে তুলে নিয়েছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত জ্যাক ক্যালিস ও অ্যাশওয়েল প্রিন্সের দুটি পঞ্চাশের ইনিংস ১৬১ রানের লক্ষ্যে পৌঁছে দিয়েছিল স্বাগতিকদের। ওই টেস্টে বড় ভূমিকা রেখেছিলেন স্পিনাররা। এই ম্যাচেও রাখতে পারেন। ম্যাচের আগে অবশ্য স্পিন নয়, পাকিস্তানের পেস বোলিংই খবর। ঊরুতে চোট থাকায় এ ম্যাচে জুনাইদ খান সম্ভবত খেলছেন না। অভিষেক হয়ে যাওয়ার কথা সাত ফুটি ‘দৈত্য’ মোহাম্মদ ইরফানের। ওয়েবসাইট।