পাকিস্তান ও আফ্রিদির জয়
জয় তাহলে শহীদ আফ্রিদিরই হলো!ভাবছেন, এ আবার কী ধরনের কথা! দল যখন জিতেছে, জয় তো অধিনায়কেরও। হ্যাঁ, সহজ-সরল হিসাবে তা-ই। কিন্তু কাল এর বাইরেও ছিল আরেকটা হিসাব। এই হিসাবের খেলা শুরু হয়েছিল আসল খেলা শুরু হওয়ার আধঘণ্টা আগে। টস জিতে ব্যাটিং নেওয়ার সময় শহীদ আফ্রিদি বললেন, ২৭০-২৮০ রান এই উইকেটে জয়ের জন্য যথেষ্ট। আর কুমার সাঙ্গাকারা? ‘এই উইকেটে ২৭০-২৮০ রান তাড়া করে জেতা খুবই সম্ভব।’ দুই দলের পাশাপাশি লড়াইটা তাই ছিল দুই অধিনায়কেরও, কে ভালো ভবিষ্যদ্বক্তা বা কে নিজের দলকে চেনেন বেশি ভালো করে!আফ্রিদি সেখানে বিপুল ব্যবধানে জয়ী। ম্যাচ দেখে না থাকলে মাত্র ১১ রানের জয় দেখে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভেবে বিভ্রান্ত হতে পারেন। কে ভাবতে পেরেছিল নুয়ান কুলাসেকেরা আর রঙ্গনা হেরাথ অভাবিতভাবে হঠাৎ কিছুক্ষণের জন্য ব্যাটসম্যান হয়ে যাবেন! তবে নবম উইকেটে এই দুজনের ২২ বলে ৩২ রানের জুটির সময়ও কিন্তু মনে হয়নি জিততে পারে শ্রীলঙ্কা। ম্যাচ তো আসলে শেষ কুমার সাঙ্গাকারা আউট হওয়ার পরই!২৭৮ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট নেই ৯৬ রানে। চামারা সিলভা নিয়ে তবু শ্রীলঙ্কার আশার তরী ভাসিয়ে রেখেছিলেন সাঙ্গাকারা। রান-বলের টানাপোড়েন বেড়েই চলছিল, কিন্তু সাঙ্গাকারা তো ছিলেন! আফ্রিদি জিতলেন এখানেই। ব্যাটিং পাওয়ার প্লেতে বোলিংয়ে এসে ফিরিয়ে দিলেন তাঁর ‘চ্যালেঞ্জার’কে। এই উইকেটটি আবার ছিল ওয়ানডেতে আফ্রিদির ৩০০তম উইকেট! চামারা সিলভা তখনো ছিলেন। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেন, এই ‘অপবাদ’ তাঁকে কোনো শত্রুও দেবেন না। সাঙ্গাকারা আউট হওয়ার সময়ই যেমন তাঁর রান ছিল ৫৫ বলে ২২! এরপর অবশ্য একটু পাখা মেলেছেন, কিন্তু ক্ষতি যা হওয়ার আগেই হয়ে গিয়েছিল। এমনকি সাঙ্গাকারাও ম্যাচ শেষে স্বীকার করলেন, শুরুতে একটু বেশিই বল খেয়ে ফেলেছেন চামারা।আফ্রিদি অবশ্য ম্যাচে ছাপ রাখতে শুরু করেছেন আরও অনেক আগেই। রাজ্জাক-শোয়েব-গুলদের ব্যর্থ করে দিয়ে শ্রীলঙ্কাকে ৭৬ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন থারাঙ্গা-দিলশান। হাফিজ আর থারাঙ্গাকে ফিরিয়ে দেওয়ার পরপরই তিলকরত্নে দিলশান আর সামরাবীরাকে আউট করে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন আফ্রিদি। মাঝে সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটটা অবশ্য নিয়েছেন শোয়েব আখতার। দ্বিতীয় স্পেলে ফিরে দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেছেন ফর্মের তুঙ্গে থাকা জয়াবর্ধনেকে। ম্যাচ শেষে দিলশান আর জয়াবর্ধনের উইকেট দুটিকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বললেন সাঙ্গাকারা। সব মিলিয়ে চার উইকেট নিয়েছেন আফ্রিদি, মিচেল জনসনকে পেছনে ফেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এখন পাকিস্তান অধিনায়ক (২ ম্যাচে ৯টি)।ব্যাট হাতে অবশ্য নিজের বিশ্বকাপ-ভাগ্য এখনো বদলাতে পারেননি পাকিস্তান অধিনায়ক। কাল ব্যর্থ হয়েছেন উমর আকমল, আবদুল রাজ্জাকরাও। পাওয়ার প্লের স্পেশালিস্ট পাকিস্তান দল তাই ব্যাটিং পাওয়ার প্লেতে তুলতে পেরেছে ৩৬। তবে ইউনিস খান আর মিসবাহ-উল হকের জুটি দলকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে, শেষ ১০ ওভারে মাত্র ৬৮ রান তোলার পরও আফ্রিদির কাঙ্ক্ষিত রানটা পেয়ে যায় পাকিস্তান।আহমেদ শেহজাদ দ্রুত ফিরে যাওয়ার পর রানের চাকাটা সচল রেখেছিলেন হাফিজ ও আমরান আকমল। হাস্যকর ভুল-বোঝাবুঝিতে হাফিজের রানআউট আর স্বভাবসুলভ খামখেয়ালিপনায় কামরানের স্টাম্পিংয়ে পাকিস্তান স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১০৫। চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তিতে তুলে দেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আর সাবেক অধিনায়ক। টানা দ্বিতীয় ফিফটি (৭২) করে ইউনুস আউট হয়ে গেলেও এক পাশে থেকে দলকে দুই শ আশির কাছাকাছি নিয়ে যান মিসবাহ (৮৩*)।পাকিস্তানকে এই বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক দল বলে মেনে নিয়েছিলেন প্রায় সবাই। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের পর এখন তো পাকিস্তানকে ফেবারিট বলেই ফেলা যায়! সাঙ্গাকারা মেনে নিলেন। আফ্রিদি তো জোর গলায় বললেন, ‘অবশ্যই আমরা এখন ফেবারিট।’কোণঠাসা পাকিস্তান ভয়ংকর, কিন্তু ফেবারিট হলেই যে সব গুবলেট পাকিয়ে ফেলে তারা! পাকিস্তানের আসল পরীক্ষা হয়তো শুরু এখনই!