৪ উইকেটের জয়। কিন্তু স্কোরকার্ড যতটা বলছে, ততটা অনায়াস নয়। ৩-১-এ সিরিজ জয়। কিন্তু স্কোরলাইন যা বলছে, মোটেও ততটা সহজ ছিল না! সিরিজের শেষ ম্যাচটি হয়ে থাকল যেন গোটা সিরিজের প্রতীক। পরশু আরেকটি নখ কামড়ানো জয়ে শেষ পর্যন্ত পাকিস্তানই জিতেছে সিরিজ। কিন্তু শেষ তিনটি ম্যাচই জিততে পারত ওয়েস্ট ইন্ডিজও! সিরিজে ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এতটুকুও নয়। হাডহাড্ডি লড়াইয়ের রোমাঞ্চকর এক সিরিজ খেলল র্যাঙ্কিং ও মানে কাছকাছি থাকা অননুমেয় দুই দল।রোমাঞ্চের রেশ থাকল সিরিজের শেষ মুহূর্তগুলোতেও। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২। প্রথম বলে পড়িমড়ি করে এক রান নিলেন শহীদ আফ্রিদি। দুই দলের রান সমান, পরের বলে মিসবাহ ক্যাচ দিলেন শর্ট মিড উইকেটে। পরের দুই বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না সাঈদ আজমল। কণ্ঠে অবিশ্বাস নিয়ে তখন রমিজ রাজা চেঁচিয়ে যাচ্ছেন, ‘নিশ্চয়ই আরেকটি টাই নয়!’ পঞ্চম বলে ব্যাটে-বলে হলো, আরেকটি পড়িমড়ি রানে ম্যাচ ও সিরিজ জয় পাকিস্তানের। প্রতীক বললে শেষটায় টেনে আনতে হয় মিসবাহ-উল-হককেও। গোটা সিরিজের নায়কই সিরিজ নির্ধারণী ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। যথারীতি আস্থার প্রতিমূর্তি হয়ে আগলে রাখেন একটা পাশ। যখন আউট হয়েছেন, দল তখন আর হারছে না নিশ্চিত। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে টালমাটাল সময়টায় হাল ধরেছিলেন শক্ত হাতে। এবার দক্ষিণ আফ্রিকায় ও চ্যাম্পিয়নস ট্রফিতে বিপর্যয়ের পর তাঁর মুণ্ডুপাত হচ্ছিল দেশে, চারপাশ থেকে আসছিল সরিয়ে দেওয়ার ডাক, সেই মিসবাহই দলকে সিরিজ জেতালেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। ৫২, ১৭, ৭৫, ৫৩* ও ৬৩—ব্যাট হাতে বিস্ময়কর এই ধারাবাহিকতা আর ট্রফি হাতে স্মিত হাসি, মিসবাহ সমালোচকদের জবাব দিলেন তাঁর মতো করেই। মিসবাহর লড়াইটা তো আর শুধু নিজ দেশেই নয়, বয়স আর সময়ের সঙ্গেও। এই ৩৯ বছর বয়সে সর্বোচ্চ রান করে সিরিজ-সেরা, সিরিজ-সেরা ফিল্ডারের পুরস্কার থাকলে সেটাও পেতেন। আর ‘সময়ের সঙ্গে বেমানান’ ব্যাটিং দিয়েই এ বছর এখনও পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ রান (১৮ ম্যাচে ৮০৮), সবচেয়ে বেশি ফিফটি (৯), এমনকি সবচেয়ে বেশি ছক্কা (১৭) তাঁর। জবাব দিতে আর কী লাগে!ম্যাচ শেষে মিসবাহ ধন্যবাদ দিলেন শেহজাদ, আকমল ও আফ্রিদিকে। ইনিংসের শুরুতে এক পাশ আগলে রাখার পাশাপাশি নিজের জায়গাটাও বাঁচিয়েছেন আহমদে শেহজাদ (১০০ বলে ৬৪)। ৭২ বলে যখন প্রয়োজন ৮৩, তখন নেমে উমর আকমল খেলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস (২৮ বলে ৩৭)। ৩ ওভারে যখন চাই ২৭, বেস্টকে টানা দুই বলে মেরেছেন ছয় ও চার। আর ৯ বলে যখন প্রয়োজন ১৩, ব্রাভোকে টানা ছয়-চার মেরেছেন আফ্রিদি (৬ বলে ১৩*)।ব্রাভো ম্যাচ শেষে অনুযোগ করলেন আম্পায়ারিং নিয়ে, ‘ম্যাচগুলোতে যে কেউ জিততে পারত। এমনকি আজও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে এলে সিরিজের ফল অন্যরকম হতে পারত।’ সিরিজ ওয়েস্ট ইন্ডিজও জিততে পারত, খুবই সত্যি। তবে এটাও সত্যি যে যোগ্য হিসেবে জিতেছে পাকিস্তান, জিতেছেন মিসবাহ।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪২/৭ (চার্লস ৪৩, স্মিথ ৭, ড্যারেন ব্রাভো ৯, স্যামুয়েলস ৪৫, গেইল ২১, সিমন্স ২৫, ডোয়াইন ব্রাভো ৪৮, স্যামি ২৯, নারাইন ০*, জুনাইদ ৩/৪৮, ইরফান ২/৩৪, আজমল ২/৫৭)।পাকিস্তান: ৪৯.৫ ওভারে ২৪৩/৬ (জামশেদ ২৩, শেহজাদ ৬৪, হাফিজ ১১, মিসবাহ ৬৩, সোহেল ১৭, আকমল ৩৭, আফ্রিদি ১৩*, আজমল ১*, বেস্ট ৩/৪৮, স্যামি ১/৩৫, হোল্ডার ১/৪৭)। ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী (৫ ম্যাচ সিরিজে ৩-১-এ জয়ী)।ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: মিসবাহ-উল-হক।সেরা ৫ব্যাটসম্যান ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০/৫০মিসবাহ-উল-হক ৫ ২৬০ ৬৫.০০ ৭৫ ০/৪মারলন স্যামুয়েলস ৫ ২৪৩ ৬০.৭৫ ১০৬* ১/০উমর আকমল ৫ ১৭৫ ৫৮.৩৩ ৫০ ০/১লেন্ডল সিমন্স ৫ ১৬৬ ৩৩.২০ ৭৫ ০/১নাসির জামশেদ ৫ ১২৫ ২৫.০০ ৫৪ ০/১বোলার ওভার উইকেট গড় সেরা ৪/৫শহীদ আফ্রিদি ৩৪ ১০ ১৩.৫০ ৭/১২ ০/১মোহাম্মদ ইরফান ৪৭ ৯ ২০.৩৩ ২/১৭ ০/০জেসন হোল্ডার ৪১.৫ ৮ ২১.৩৭ ৪/১৩ ১/০সাঈদ আজমল ৪৭ ৮ ২৫.৭৫ ৩/৩৬ ০/০জুনাইদ খান ২৯ ৭ ২০.১৪ ৩/৪৮ ০/০* ডোয়াইন ব্রাভোও পেয়েছেন ৭ উইকেট (গড় ২৮.৭১)