পাকিস্তান কি আজই সিরিজ নিশ্চিত করবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঙ্কান ইনিংসের ধ্বংসযজ্ঞ শুরু করে উমর গুলের উল্লাস।
লঙ্কান ইনিংসের ধ্বংসযজ্ঞ শুরু করে উমর গুলের উল্লাস।

শ্রীলঙ্কান অধিনায়কের টস-ভাগ্যটা বেশ। আজকেরটি নিয়ে পাকিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে পরপর তিন ম্যাচে টসে জিতলেন ম্যাথুস। গতদিন টসে জিতে পরে ব্যাট করে রান তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। ফলে এদিন আর ঝুঁকি নিতে চাইলেন না লঙ্কান অধিনায়ক। টসে জিতে ব্যাট করতে নেমেই যেন অকূল পাথারে পড়ল শ্রীলঙ্কার টপ-অর্ডাররা! ৩৬ রানে হারিয়ে গেলেন দলের শীর্ষ তিন ব্যাটসম্যান!
শ্রীলঙ্কার ধ্বংসযজ্ঞ শুরু করেন উমর গুল। পেরেরা ও দিলশানকে ফেরান তিনি। এরপর অবশ্য সাঙ্গাকারা ও অভিষিক্ত আসান প্রিয়ঞ্জন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এ জুটিতে আসে ৮৯ রান। ওয়ান ডে ক্যারিয়ারের ৮৩তম অর্ধশতক ছোঁয়ার সঙ্গে সঙ্গে রানআউটে কাটা পড়েন লঙ্কান উইকেটরক্ষক। এরপর ম্যাথুস ও প্রিয়ঞ্জন দলকে কক্ষপথে ফেরানোর জোর তত্পরতা চালান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে জুনায়েদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন প্রিয়ঞ্জন। ৩৮ করা ম্যাথুস শিকার হন সাঈদ আজমলের ।
শ্রীলঙ্কার ইনিংসের ধ্বংসজ্ঞ যদি গুল শুরু করেন, তবে সেটি শেষ করেন সাঈদ আজমল। কদিন আগেই পাকিস্তানের পক্ষে এক বছরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন এই অফ স্পিনার। আজও তাঁর বিষে নীল লঙ্কান ব্যাটসম্যানেরা। নিলেন ৪ উইকেট। গুল নিয়েছেন ৩টি ও জুনায়েদ খান ২টি। পাকিস্তানি বোলিং তোপে শ্রীলঙ্কা অলআউট হয় ২২৫ রানে।
২২৬ রানের লক্ষ্য নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছে পাকিস্তান। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৪ ওভারে তারা তুলেছে ১ উইকেটে ১০৩। ৩১ রানের মাথায় শারজিল খানকে ম্যাথুস ফেরালেও আহমেদ শেহজাদ ও ‘বদলে যাওয়া’ মোহাম্মদ হাফিজ আবারও ত্রাতা হিসেবে হাজির হয়েছেন উইকেটে। হাফিজ পেয়েছেন ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে অর্ধশতক।
এখনো পর্যন্ত ম্যাচের যে পরিস্থিতি, এ ম্যাচ জিততে হলে বড় অঘটনই ঘটাতে হবে শ্রীলঙ্কাকে। নতুবা পাকিস্তানের কাছে আজই সিরিজ খোয়াতে হবে।