পাকিস্তান ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর অভিযুক্ত তিন ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। আইসিসি ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করেছে। ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক ইয়ান বোথাম ও মাইকেল ভউগান আবার একধাপ এগিয়ে গিয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানকেই ক্রিকেট অঙ্গন থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়কদ্বয়ের তীব্র বিরোধিতা করেছেন পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ইমরান খান। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের জন্য সামগ্রিকভাবে গোটা দেশকেই শাস্তি দেওয়া যেতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।একটা সংবাদপত্রের রিপোর্ট আর কিছু ভিডিও ফুটেজই এই অভিযোগের পেছনে একমাত্র প্রমাণ উল্লেখ করে ইমরান খান বলেছেন, ‘এটার ভিত্তিতে আপনি একটা দেশকে শাস্তি দিতে পারেন না।’ ব্রিটিশ ট্যাবলয়েডগুলো অনেক দিন ধরেই পাকিস্তানের ক্রিকেটের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে বলে মত দিয়েছেন ইমরান খান। ১৯৯২ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘সে সময় তারা ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছিল। কিন্তু ২০০৫ সালে তারা যখন অ্যাসেজ সিরিজ জিতল, তখন রিভার্স সুইংটা একটা বিশেষ শিল্প ও দক্ষতার বিষয়ে পরিণত হলো।’তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধেও ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছেন, তা ঠিক হয়নি মন্তব্য করে ইমরান খান বলেছেন, ‘যদি অন্য কেউ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকে, তার পরও পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো তো আর খারিজ হয়ে যাচ্ছে না।’—টাইমস অব ইন্ডিয়া