পাকিস্তান চোখ খুলে দিয়েছে লাবুশেনের

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়াএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাহোরে তৃতীয় টেস্টের খেলা শুরু হয়নি তখনো। পিচের পাশে নিজের গ্রে নিকোলস ব্যাট হাতে দাঁড়িয়ে মোহাম্মদ রিজওয়ান, মারনাস লাবুশেনের কুকাবুরাটা সাজিদ খানের হাতে। তিনজন মিলে নকল করছিলেন স্টিভ স্মিথকে। স্ট্যান্স, ব্যাটের গ্রিপ, বল ছাড়ার ভঙ্গি—কারটা স্মিথের সবচেয়ে কাছাকাছি হয়!

মাঠে দারুণ লড়াইয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া দলের ঐতিহাসিক পাকিস্তান সফরে ‘সৌহার্দ্যে’র এমন ছবি দেখা গেছে বারবারই। লাবুশেন বলছেন, পাকিস্তান দেশটার যে ছবি মনে মনে এঁকেছিলেন, প্রত্যাশা ছাড়িয়ে গেছে সেটি। এমনকি মাঝেমধ্যে নাকি মনে হয়েছিল, দেশেই খেলছেন তাঁরা! পাকিস্তান তাঁর চোখ খুলে দিয়েছে, এমনও বলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান।

মাঠে দারুণ লড়াইয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া দলের ঐতিহাসিক পাকিস্তান সফরে ‘সৌহার্দ্যে’র এমন ছবি দেখা গেছে বারবারই
এএফপি

১৯৯৮ সালের পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তান সফরে যায় অস্ট্রেলিয়া। তিন টেস্ট সিরিজের প্রথমটি রাওয়ালপিন্ডিতে ম্যাড়মেড়ে ড্র হলেও করাচিতে দ্বিতীয় টেস্টে মেলে রোমাঞ্চ। মহাকাব্যিক এক ড্র করে পাকিস্তান। তবে লাহোরে দারুণ জয়ে সিরিজ জেতে অস্ট্রেলিয়া।

এরপর ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েও ফিরে এসে জয় পায় পাকিস্তান। একমাত্র টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয় দিয়ে শেষ হয় সফর। পাকিস্তান সফর নিয়ে মুগ্ধতার কথা এর আগে ঘুরেফিরে বলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সর্বশেষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক পডকাস্টে লাবুশেন বলেছেন, ‘অসাধারণ এক সফর। অস্ট্রেলিয়া দলকে পাকিস্তানি মানুষ সাদরে গ্রহণ করেছে। কিছু ম্যাচে দর্শকদের কোলাহলে তো মনে হয়েছে, দেশের মাটিতেই খেলছি।’

শাহিন শাহ আফ্রিদি ও ডেভিড ওয়ার্নারের খুনসুটি ছিল আলোচনায়
এএফপি

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল করার পর অস্ট্রেলিয়াকে সফলভাবে আতিথেয়তা দেওয়াটা দারুণ সাফল্যই পিসিবির জন্য। লাবুশেনও খুশি পাকিস্তানের আতিথেয়তায়, ‘এ অভিজ্ঞতা আসলে চোখ খুলে দেওয়ার মতো। কোনো দেশে যাওয়ার আগে আপনার অনেক ধারণা হয়তো তৈরি হবে, পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছিল। আপনি মনে মনে একটা ছবি আঁকবেন, মানুষেরা কেমন। তবে নিশ্চিতভাবেই আমার সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেকটাই।’

ব্যাট হাতে টেস্ট সিরিজ খুব একটা ভালো না কাটলেও লাবুশেন উপভোগ করেছেন পুরো সময়টাই, ‘মাঠের ক্রিকেটের লড়াইটা ছিল কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে দারুণ সময় কেটেছে। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে। এমনকি আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক যখন ব্যাটিং করছিল, ভালো সময় কেটেছে আমার।’

প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সঙ্গেই যে বন্ধুত্বও থাকতে পারে, লাবুশেন মনে করিয়েছেন সেটি, ‘দারুণ লড়াই হবে, আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে—এমন একটা সিরিজের রোমাঞ্চই অন্য রকম। উপভোগও করা যায়। কী ঘটল, মাঠের বাইরে এসব নিয়ে হাসাহাসি করতে পারবেন তখন।’

আরও পড়ুন

টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির খুনসুটি নিয়ে ছিল আলাদা আলোচনা। ওয়ার্নারের দিকে তেড়ে গিয়ে থমকে যাওয়া আফ্রিদির ছবিটা ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। আফ্রিদি বলছেন, এ নিয়ে বেশ হাসাহাসি করেছেন তাঁরা, ‘ডেভিড ওয়ার্নারের ঘটনাটা দারুণ একটা ব্যাপারেই গড়াল। দিনের শেষ বল ছিল, ফলো-থ্রুতে ওয়ার্নারের খুব কাছে চলে এলাম। ডেভিডের রসবোধ দারুণ। সে ওখানেই দাঁড়িয়ে থাকল। ফটোগ্রাফারদের জন্য দারুণ একটা মুহূর্ত ছিল সেটি। দুজনই রসিকতা করছিলাম, শেষ পর্যন্ত ব্যাপারটি তা–ই থেকেছে। ডেভিড ও আমি—দুজনই পরে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দারুণ অনুভব করেছি।’

এ সিরিজে দুই দল ছিল একই হোটেলে। আফ্রিদি বলছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হয়েছে তাঁদের, ‘এ সফর আমাদের আরও কাছে এনেছে। ২০১৯ সালে অস্ট্রেলিয়া গিয়েছিলাম, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছে। তবে ছয় সপ্তাহ একসঙ্গে থাকার ফলে আরও কাছে এসেছি আমরা। মাঠে কঠিন সময় গেছে, কিন্তু মাঠের বাইরে সবকিছুই নির্ভার আর বন্ধুত্বপূর্ণ ছিল।’