পাকিস্তান জিতল পাকিস্তানের মতোই
সর্বকনিষ্ঠ ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বয়সে টেস্টে ৫ উইকেট পাওয়া বোলার এখন মোহাম্মদ আমির (১৮ বছর ২৩০ দিন), পেছনে ফেলেছেন রমাকান্ত দেশাই ও গ্রাহাম ম্যাকেঞ্জিকে (১৯ বছর ৩৬৩ দিন)।লক্ষ্য মাত্র ১৪৮। কিন্তু খেলাটা ক্রিকেট আর খেলছে পাকিস্তান বলেই বলা যায়নি ওভাল টেস্টে হারছে ইংল্যান্ড। অতীত ইতিহাসের কথা বাদই থাকল, গত তিন টেস্টে পাকিস্তান তিনবার অলআউট হয়েছে এক শর নিচে। হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রান তাড়া করতে গিয়ে হারাতে হয়েছিল ৭ উইকেট। মামুলি লক্ষ্যটা ছুঁয়ে পাকিস্তান জিতে যাবে, নিশ্চিত করে বলবেন কী করে?শেষ পর্যন্ত পাকিস্তান জিতেছে, তবে সহজ কাজটা কঠিন করার সেই ধারাবাহিকতা ধরে রেখে। প্রথম সেশনে ফারহাত-বাটের ইতিবাচক ব্যাটিংয়ে লাঞ্চের পর মাত্র ৩৩ রান প্রয়োজন ছিল পাকিস্তানের, হাতে উইকেট সাতটি। কিন্তু মরা ম্যাচে নাটকীয়তা না আনলে কি আর দলটার নাম পাকিস্তান! ৩ উইকেটে ১২৪ থেকে মুহূর্তের মধ্যে তাদের স্কোর হয়ে গেল ৬ উইকেটে ১৩২। রান তখন প্রয়োজন মাত্রই ১৬, কিন্তু একটি রান করাও যে তখন ভীষণ দুরূহ। কামরান আকমল আউট হওয়ার পর ওই ১৩২ রানেই পাকিস্তান স্থির হয়ে থাকল ২৭ বল!গলার ফাঁস আলগা হয় গ্রায়েম সোয়ানের বলে মোহাম্মদ আমির ও জেমস অ্যান্ডারসনের বলে উমর আকমলের দুটি চারে। সোয়ানের বলে জয়সূচক রানটি এসেছে আকমলের ব্যাটে, তাঁর ১৬ রানের ইনিংসটা শেষ বিচারে ম্যাচজয়ী ইনিংস। নয় বছর পর ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান। আবারও একটি নখ কামড়ানো টেনশনে ভরা জয়ের পর অধিনায়ক সালমান বাট বলেছেন, ‘শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটার মতোই অনুভূতি হচ্ছিল।’ চার টেস্টের অধিনায়কত্ব ক্যারিয়ারে দুটি জয় পেয়ে গেলেন বাট, ৪৮ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে কাল ইঙ্গিত দিয়েছের রান-খরা কাটানোর।ইংল্যান্ডের শেষ উইকেটটা তুলে নিতে সকালে মাত্র চার বল লেগেছে পাকিস্তানের। স্টুয়ার্ট ব্রডকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়ে যান আমির। তৃতীয় দিন বিকেলে সাঈদ আজমলের সঙ্গে আমিরের যুগলবন্দীই নাটকীয়ভাবে ম্যাচে ফিরিয়েছে পাকিস্তানকে। পুরোনো বলে ওয়াসিম আকরামকে মনে করিয়ে দেওয়া সেই স্পেলটি আমিরকে এনে দিয়েছে ম্যাচ-সেরার পুরস্কার। খেলা শেষে আরও একবার জানালেন, ‘আমার লক্ষ্য ওয়াসিম আকরাম হওয়া।’ প্রথম ওভারেই ইয়াসির হামিদকে হারানোর পরই বোঝা গিয়েছিল জয়টা সহজ হবে না পাকিস্তানের। তবে রানের মধ্যে না থাকা দুই বাঁহাতি ফারহাত ও বাটের পাল্টা আক্রমণে সহজ জয়ের পথেই এগোচ্ছিল পাকিস্তান। এই দুজনের বিদায়ের পরও পাকিস্তানের ভরসা হয়ে ছিলেন মোহাম্মদ ইউসুফ। কিন্তু অ্যান্ডারসনের ইয়র্কারে ইউসুফ ও সোয়ানের বিশাল টার্নে কামরান বিদায় নিলে দারুণ উত্তেজনা ফেরে ম্যাচে। জয়ের গন্ধ পেয়ে পাকিস্তানকে চেপে ধরে ইংলিশরাও। শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় দলকে লক্ষ্যে পৌঁছে দেন আমির-আকমল।জয়টা পাকিস্তানের বন্যাপীড়িত মানুষদের উত্সর্গ করেছেন বাট, বলেছেন তাদের জন্যই শেষ ম্যাচটা জিতে সিরিজে ফেরাতে চান সমতা। সেই টেস্ট শুরু হবে ২৬ আগস্ট, লর্ডসে।