পাকিস্তান দলে অন্তঃকলহ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান দলে জ্বলছে অন্তঃকলহের আগুন! পিটিআইয়ের খবর অন্তত সে রকমই। দল নির্বাচনসহ একাধিক বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে অধিনায়ক মোহাম্মদ হাফিজের দ্বন্দ্ব নাকি চরমে। এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের চোখাচোখি পর্যন্ত হচ্ছে না!
প্রধান কোচ মঈন খান, ক্রিকেট পরামর্শক জহির আব্বাস, ম্যানেজার জাকির খানের সঙ্গে অধিনায়ক হাফিজের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জনে টুর্নামেন্টে দলের সম্ভাবনা নিয়ে পাকিস্তানিরা শঙ্কিত। সাবেক প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মহসিন খান শঙ্কাটা গোপনও করেননি, ‘একটা বিশ্ব টুর্নামেন্ট শুরুর আগে এমন গুঞ্জন ছড়িয়ে পড়াটা পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো লক্ষণ নয়। আশা করব এসব সত্য নয়। আমি দেখতে চাইব পাকিস্তান ক্রিকেট বোর্ড পদক্ষেপ নেবে এবং দলের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সবার সঙ্গে কথা বলবে, যাতে দল টুর্নামেন্ট জয়ের দিকে মনোযোগ দিতে পারে।’
গুঞ্জনটা প্রথম ছড়িয়ে পড়ে হাফিজের কিছু বিদ্রূপাত্মক মন্তব্যকে কেন্দ্র করে। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক এমনও বলে বসেন প্রধান কোচ মঈন খান, ক্রিকেট পরামর্শক জহির আব্বাসের আধুনিক ক্রিকেটের অভিজ্ঞতার ঘাটতি আছে! গত দুই বছরে ক্রিকেট কতটা বদলে গেছে সে সম্পর্কে নাকি মঈন-জহিরদের ধারণাই নেই।
এশিয়া কাপ শেষ করে দেশে ফেরার পরও একটা গুঞ্জন রটে। পাকিস্তান দলের ঘনিষ্ঠ এক সূত্র যেমন বলেছে, ‘হ্যাঁ, বিশেষ করে মঈন, জহির এবং ফিল্ডিং কোচ শোয়েব মোহাম্মদ ব্যক্তিগতভাবে মনে করেন ভবিষ্যৎ বিবেচনায় দলে নতুন অধিনায়ক দরকার। এ মুহূর্তে শহীদ আফ্রিদি এবং ইউনিস খানের নাম দুটিই আলোচিত হচ্ছে।’ মজার ব্যাপার, আফ্রিদি বা ইউনিস গুঞ্জনটা উড়িয়ে দেননি! তাঁরা দুজনই বরং বলেছেন, যদি সে রকম পরিস্থিতি আসে, তখন তারা ব্যাপারটা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাববে।
গুঞ্জনটা কতটা সত্য সেটা হাফিজ-মঈনরাই ভালো বলতে পারবেন। যদি সত্যি হয়ও, আজ নিশ্চয়ই অভ্যন্তরীণ দ্বন্দ্বটা মাঠের বাইরেই রাখতে চাইবে পাকিস্তান। ওয়েবসাইট।