পাকিস্তান দলে আবার গৃহবিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বো থেকে দেশে ফিরে ‘সত্য’ কথা বলে ফেঁসে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ রাজ্জাক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে নিয়ে যা বলেছেন, তার ব্যাখা দিতে হবে তাঁকে। দেশে ফিরে সাংবাদিকদের রাজ্জাক বলেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলা সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল থেকে তাঁকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয় অধিনায়ক হাফিজের একক সিদ্ধান্তে। অভিজ্ঞ অলরাউন্ডার রাজ্জাককে বাদ দেওয়ায় এবং পাকিস্তান ফাইনালে উঠতে না পারায় মোহাম্মদ হাফিজ তীব্র সমালোচনার শিকার হয়েছেন। হাফিজ অবশ্য এর আগে রাজ্জাককে বাদ দেওয়ার বিষয়টি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন। পাকিস্তানের ‘দ্য নেশন’ পত্রিকা আজ মঙ্গলবার জানিয়েছে, বিমানবন্দরে সাংবাদিকদের রাজ্জাক যা যা বলেছেন, তার ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি এ মর্মে রাজ্জাককে একটি নোটিশও পাঠিয়েছে।টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে পাকিস্তান বিদায় নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটের চিরাচরিত গৃহবিবাদ সামনে এসে পড়েছে। ‘নেশন’ পত্রিকা তাদের প্রতিবেদনের একপর্যায়ে জানিয়েছে, মোহাম্মদ হাফিজ দলের মধ্যে তাঁর কিছু একতরফা সিদ্ধান্তের জন্য আগে থেকেই সমালোচিত। উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি। সেই ম্যাচের আগে টিম মিটিংয়ের সিদ্ধান্ত ছিল টসে জিতে আগে ফিল্ডিং করার। কিন্তু বাস্তবে, টসে জিতে হাফিজ ব্যাটিং করার সিদ্ধান্ত জানিয়ে আসেন। সেই ম্যাচে অল্প রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান।এদিকে, মোহাম্মদ হাফিজের নামে খোলা একটি টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে ‘নেশন’ জানিয়েছে, নতুন এই অ্যাকাউন্টের একটি টুইট বার্তায় হাফিজের জবানে রাজ্জাককে বলা হয়েছে ড্রেসিংরুমের কথাবার্তা ড্রেসিংরুমের বাইরে না আনতে। হাফিজ অবশ্য ওই টুইটার অ্যাকাউন্টটি তাঁর নয় বলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।এমন পরিস্থিতিতে পিসিবি সভাপতি জাকা আশরাফ ব্যাপারটি নিয়ে কথা বলার জন্য এবং ভুল-বোঝাবুঝি নিরসনে রাজ্জাক ও হাফিজকে তাঁর দপ্তরে ডেকে পাঠিয়েছেন বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে ‘দ্য নেশন’।