পাকিস্তান দলে ইনজামাম
পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে আবারও যুক্ত হলেন ইনজামাম-উল-হক। তবে খেলোয়াড় হিসেবে নন, পাকিস্তানের সাবেক অধিনায়ক দলের অংশ হয়েছেন ব্যাটিং পরামর্শক হিসেবে। মিসবাহ-উল হক, ইউনুস খানদের ব্যাটিং কোচ হিসেবে ১২০ টেস্ট এবং ৩৭৮টি ওয়ানডে খেলা ইনজামামকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন ভারত সফরের জন্য একজন মনোবিদও নিয়েছে পাকিস্তান—মকবুল বাবরি।ইনজামামের নিয়োগটা অবশ্য দীর্ঘমেয়াদি নয়। সিরিজ ভিত্তিক ব্যাটিং কোচ হিসেবে দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করবেন ইনজামাম। পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ইনজামামের স্বল্পমেয়াদি এই নিয়োগ নিশ্চিত করে বলেছেন, ‘ভারত সফরে যাচ্ছেন না ইনজামাম। শুধু ক্যাম্পেই ব্যাটিং কোচ হিসেবে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন।’ গতকাল থেকে লাহোরে শুরু হয়ে গেছে সপ্তাহব্যাপী এই ক্যাম্প। ব্যক্তিগত ব্যস্ততার কারণে ইনজামাম ভারত যেতে না পারলেও দলের সফর সঙ্গী হবেন মকবুল বাবরি। আশরাফের আশা, ‘চ্যালেঞ্জিং ভারত সফরে মকবুল বাবরি ক্রিকেটারদের উজ্জীবিত হতে সাহায্য করবেন।’২২ ডিসেম্বর ভারত রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল। ২৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে টি-টেয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। সফরে ২টি টি-টোয়েন্টি এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকইনফো, এএফপি।