পাকিস্তান দলে কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠিত ‘নৈতিকতা কমিটি’র সবুজসংকেত পেয়েছেন, এবার নির্বাচকদের সমর্থনও পেলেন কামরান আকমল। আগামী মাসে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে এই উইকেটরক্ষককে ঠাঁই দিয়েছেন পাকিস্তানি নির্বাচকেরা। ফিরছেন দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা আবদুল রাজ্জাক এবং ইমরান নাজিরও। টি-টোয়েন্টির নেতৃত্ব থাকছে মোহাম্মদ হাফিজের কাঁধেই। পিসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, অন্তত এ বছরের ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন হাফিজ। মিসবাহ-উল-হককে সরিয়ে সম্প্রতি হাফিজকে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়।গত বিশ্বকাপের সেমিফাইনালের পর দল থেকে বাদ পড়েন কামরান। এরপর তিনি বাদ পড়েন জাতীয় চুক্তি থেকেও। কামরানের বিরুদ্ধে অভিযোগ, লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন তিনি। ২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অপরাধে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে আড়াই বছর, মোহাম্মদ আসিফকে এক বছর ও মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। শুনানিতে জুয়াড়ি মাজহার মাজিদ দাবি করেন, কামরানও এই ঘটনায় জড়িত ছিলেন। আইসিসি বা যুক্তরাজ্যের আদালত অবশ্য তাঁকে দোষী সাব্যস্ত করেননি। তবে নৈতিকতার কমিটির আপত্তির কারণে এত দিন দলে থাকার যোগ্য বিবেচিত হননি কামরান।সম্প্রতি নৈতিকতার কমিটির মুখোমুখি হন কামরান। ওই বৈঠকেই তাঁকে দলে নেওয়ার ব্যাপারে সবুজসংকেত দেওয়া হয়। ২০১০ সালে সর্বশেষ পাকিস্তান দলে দেখা গিয়েছিল নাজিরকে। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফেরানো হয়েছে তাঁকে। নাজির ফেরায় বাদ পড়েছেন তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ইমরান নাজির, নাসির জামশেদ, আসাদ শফিক, উমর আকমল, শোয়েব মালিক, কামরান আকমল, শহীদ আফ্রিদি, আবদুল রাজ্জাক, ইয়াসির আরাফাত, সোহেল তানভীর, উমর গুল, মোহাম্মদ সামি, রেজা হাসান ও সাঈদ আজমল। সূত্র: পিটিআই