পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতার পরই। কদিন আগে বাংলাদেশে এসে শহীদ আফ্রিদিও বলে যান, দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। পরশু লাহোরে অনুশীলনের এক ফাঁকে বলে বসলেন, ‘এখনো আমি অনেক ক্রিকেটারের চেয়ে ভালো।’ আফ্রিদির কথার যৌক্তিকতা প্রমাণিত হয়ে গেল গতকালই। আবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

গত ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েন আফ্রিদি। পরে দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেও ছয় মাসের ব্যবধানে আবার বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে। আফ্রিদির সঙ্গে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরেছেন উমর আকমল ও আহমেদ শেহজাদও। পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে কয়েক দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে পাকিস্তান। এ জন্য কাল মিসবাহ-উল হক ও মোহাম্মদ হাফিজকে অধিনায়ক করে ওয়ানডে ও টি-টোয়েন্টির আলাদা দল দিয়েছে পাকিস্তান। আফ্রিদি-উমর-শেহজাদ জায়গা পেয়েছেন দুই দলেই। আকমল ভাইদের ছোট জন মার্চে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি খেললেও সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন জানুয়ারিতে ভারতের বিপক্ষে। এএফপি, রয়টার্স।

উমরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন বড় ভাই কামরান আকমল। কামরানের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন শোয়েব মালিক, ইমরান ফারহাত ও এহসান আদিল। ওয়ানডে দলে দ্বিতীয় উইকেটকিপার নবাগত মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলা ৩৪ বছর বয়সী নবাগত জুলফিকার বাবর এবং আটটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা হাম্মাদ আজম।

বাকি সবাই ছিলেন চ্যাম্পিয়নস ট্রফি বা মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে। মোদ্দা কথা, নতুন চেহারায় অনেকটা পুরোনো দলই। তার পরও পাকিস্তান স্বপ্ন দেখছে নতুন করে পথচলার। ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও (২-১) দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট-ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে তিন ম্যাচেই শোচনীয় পরাজয়। পিসিবির অন্তর্বর্তী প্রধান নাজাম শেঠির উপলব্ধি, খেলোয়াড়দের স্পট ফিক্সিং কেলেঙ্কারি, অন্য দেশগুলোর পাকিস্তান সফরে না যাওয়া এবং বিভিন্ন মামলায় জড়িয়ে পাকিস্তানের ক্রিকেট তলানিতে গিয়ে ঠেকেছে!