পাকিস্তান দলে ‘সাত ফুটি ইরফান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উচ্চতা নিয়ে সংশয়টা এখনো দূর হয়নি। কেউ বলে ৬ ফুট ৮ ইঞ্চি, কেউ ৬ ফুট ১০ ইঞ্চি, কেউ আবার ৭ ফুট ১ ইঞ্চি। তবে মোহাম্মদ ইরফানের নাম হয়ে গেছে ‘সাত ফুটি ইরফান।’ ইংল্যান্ড সফরের দলে ইরফানকে দলে না রাখায় ব্যাপক সমালোচনা হয়েছিল পাকিস্তানে। অবশেষে নিয়তিই এই বাঁহাতি পেসারকে নিয়ে যাচ্ছে ইংল্যান্ডে। ইরফানের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছেন আসাদ শফিকও। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী ব্যাটসম্যান শফিকের।সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে প্রত্যাহার এবং উমর আকমল নাকে চোট পাওয়ার পর পাকিস্তান স্কোয়াডে ফিট ক্রিকেটারই ছিলেন মোটে ১১ জন। এই দুজনকে পাঠানোয় সংকট আপাতত দূর হবে। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে ১৭ রান করা শফিক ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কায় চলতি তিন জাতির ‘এ’ দলের সিরিজেও ৭৫.৬৬ গড়ে করেছেন ২০৯ রান, গত পরশুই শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে করেছেন ১০৯।এই টুর্নামেন্টেই সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ইরফান। গত মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই নজর করেছিলেন উচ্চতার জন্য। অভিষেক মৌসুমে ১০ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে দেখিয়েছেন উচ্চতাটা কাজে লাগাতেও জানেন তিনি। ২৮ বছর বয়সী পেসার এর আগে একবার জাতীয় দলে ঢোকার কাছাকাছি গিয়েছিলেন। ইনজুরিতে আক্রান্ত উমর গুল ও ইয়াসির আরাফাতের বদলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ঘোষণা করা হয়েছিল ইরফান ও মোহাম্মদ সামির নাম। পরে দুজনের কাউকেই নেওয়া হয়নি। ওয়েবসাইট।