পাকিস্তান দলের ম্যানেজারের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছে করে নয়, অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের চাপে পড়ে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন—পাকিস্তানের ১৮ বছর বয়সী ফাস্ট বোলার মোহাম্মদ আসিফের এ দাবির পর আজ সোমবার পদত্যাগ করেছেন পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন ইয়াওয়ার সাঈদ। চেয়ারম্যান ইজাজ বাট তাঁর পদত্যাগপত্র অনুমোদন করেছেন। পিসিবির মিডিয়া ম্যানেজার নাদিম সারওয়ার সাংবাদিকদের বলেন, ‘ইয়াওয়ার আজ চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে সাক্ষাত্ করে দায়িত্ব থেকে মুক্তি চান। তাঁর অনুরোধ গৃহীত হয়েছে। যথাসময়ে নতুন ম্যানেজারের নাম ঘোষণা করবে পিসিবি।’ইয়াওয়ার সাঈদ যে পদত্যাগ করবেন, তা নিয়ে গুঞ্জন উঠেছিল আগেই। বলা হচ্ছিল, একের পর এক ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠায় ইংল্যান্ড সফর শেষ হলেই পদত্যাগ করবেন পাকিস্তান দলের ম্যানেজার। তবে পদত্যাগের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে গত সপ্তাহে যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফকে ইয়াওয়ার বলেন, ‘আমি নিয়োগ করা ম্যানেজার নই। আমাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়োগ করেনি। যদি আমি নিয়োগ করা না হই তাহলে কোথা থেকে পদত্যাগ করব? হালকা বাতাসে? আমার পদত্যাগ করার প্রয়োজন নেই।’ নিজের এই দাবির ব্যাখ্যাও দেন ইয়াওয়ার, ‘নিয়মানুসারে প্রত্যেক সফরের পর পরবর্তী ম্যানেজার কে হবেন, তা নির্ধারণ করেন বোর্ডের চেয়ারম্যান। তাই বিষয়টি তাঁর ব্যাপার।’ —রয়টার্স