পাকিস্তান নিরাপদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাহীনতার কারণে প্রায় চার বছর ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। তবে দেশটির টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক মিসবাহ-উল-হকের দাবি, পাকিস্তানে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। একই দাবি দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমারও। ‘পাকিস্তান অবজারভার’ এ খবর জানিয়েছে।মিসবাহ বা চিমার দাবির সঙ্গে অবশ্য বাস্তবতার কোনো মিল নেই। পাকিস্তানে প্রতিদিন সন্ত্রাসী হামলায় প্রাণহানি ঘটছে। রাজনৈতিক অস্থিরতা তো আছেই। গত পরশু ইংলিশ ক্রিকেটারদের সংগঠন এই বলে সতর্ক করেছে, ইংল্যান্ডের কোনো ক্রিকেটার যেন পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিসিএলে নাম না লেখায়।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট-পাগল জাতি। এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে সবাইকে চিন্তাভাবনা করা উচিত।’৩৮ বছর বয়সী মিসবাহ বলেন, ‘পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের প্রতিটি ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকে। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা এখানে নেই।’বাস্তবতা যা-ই হোক, মুখের কথায় মিসবাহর চেয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন পাকিস্তান দলের ম্যানেজার। তিনি দাবি করলেন, বিশ্বের অন্য কোনো দেশের চেয়ে পাকিস্তান কম নিরাপদ নয়। বিশ্ববাসীর ধারণার সঙ্গে বাস্তবতার অনেক ‘ফারাক’ উল্লেখ করে নাভিদ আকরাম বলেন, পাকিস্তান সম্পর্কে ধারণা ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে কেউ সফর করছে না, অথচ বিশ্বের অন্য দেশগুলোর মতোই পাকিস্তান নিরাপদ।২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দলের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ভয়-আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরে যায় লংকানরা। এর পর থেকে পাকিস্তানে আর খেলতে যায়নি কোনো টেস্ট খেলুড়ে দেশ। সম্প্রতি সফরের তোড়জোড় শুরু হলেও সেই নিরাপত্তাকেই কারণ হিসেবে চিহ্নিত করে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ।