পাকিস্তান পিছিয়ে ৪৬ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহের চেয়ে পাকিস্তান এখনো ৪৬ রানে পিছিয়ে আছে। কিন্তু আলোর স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ। পাকিস্তানের ধীর গতির ব্যাটিং কিছুটা বিরক্তির উদ্রেক করলেও তৌফিক উমর দেখিয়েছেন টেস্ট ব্যাটসম্যান হিসেবে তাঁর মুন্সিয়ানা। ১৩০ রান করে আউট হওয়ার আগ পর্যন্ত তাঁর ব্যাটিং শিক্ষণীয় হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। কিন্তু ফিল্ডারদের জন্য শিক্ষণীয় কে হবেন, সেটা আলোচনা সাপেক্ষ। তৌফিক উমর যখন ৬৬ রানে, তখন তাঁর ক্যাচটি না ফেললে গল্পটি অন্য রকম হলেও হতে পারত।তৌফিকের যোগ্য সঙ্গী হিসেবে দারুণ ব্যাট করেছেন আজহার আলী ও অভিজ্ঞ ইউনুস খান। ৪৮ রানে অপরাজিত ইউনুস খান কাল কত দূরে থামবেন, তার ওপরও পাকিস্তানের ইনিংসের অনেক কিছুই নির্ভর করছে। তবে এই মুহূর্তে ঢাকা টেস্ট এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বাংলাদেশের পরাজয় কেবল বাংলাদেশই ডেকে আনতে পারে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চির ভঙ্গুর ব্যাটিং লাইনআপ যদি ভেঙে না পড়ে, তাহলে এই টেস্টটা ড্র হলেও হতে পারে।আজ টেস্টের তৃতীয় দিন পুরোটাই ছিল ব্যাটসম্যানদের দখলে—সেটা স্কোর কার্ড দেখলেই বোঝা যাবে। সারা দিনে উইকেট পড়েছে মাত্র ২টি। এই ২টি উইকেটের একটি নিয়েছেন সাকিব আল হাসান ও অন্যটি নাজমুল। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে নাজমুল নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করেছেন ২ উইকেট নিয়ে।