পাকিস্তান বলছে সাজানো নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই দাবিটা করেছিল পাকিস্তানি পত্রিকা ডেইলি এক্সপ্রেস। এবার পাকিস্তানের আরেকটি পত্রিকা ডেইলি মেইলও দাবি করল, পাকিস্তানি ক্রিকেটারদের কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া স্রেফ ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একটি উদ্যোগের ফল।শুধু সংবাদমাধ্যমের দাবি হলে কথা ছিল না। ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ সামসুল হাসানও কথা বলছেন পত্রিকাগুলোর সুরে। তিনি ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় কিছু বাজিকরের প্রতিহিংসার শিকার হয়েছেন।‘লর্ডস পর্ব-এর আরেকটি কূটচাল’—শিরোনামে সংবাদ করেছে ডেইলি মেইল। সংবাদে খবরের কোনো উৎস লেখা হয়নি। প্রতিবেদক লিখেছেন, ‘ইংলিশ এই সাংবাদিককে (নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাংবাদিক) ভুয়া এই অভিযান পরিচালনার জন্য ‘র’ ৫০ হাজার পাউন্ড দিয়েছে। সর্বশেষ এই বাজিকরের জামিনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে লন্ডনে ভারতীয় হাইকমিশন।’সংবাদমাধ্যমের এসব দাবি ধোপে টিকবে কি না সেটা পরের কথা। তবে ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ সামসুল হাসানও বলছেন, তিনি এ ঘটনায় ভারতীয় বাজিকরদের সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আবারও তিনি অভিযুক্ত ক্রিকেটারদের নির্দোষ বলে দাবি করেছেন।হাসানের অনেক যুক্তির একটি হলো, কেলেঙ্কারি ফাঁস করা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর ভিডিওর সত্যতা নেই। তিনি বলছেন, পত্রিকাটি মাজিদের সঙ্গে কথোপকথনের যে ভিডিও ধারণ করেছে, সেটি ম্যাচের পরও করা হতে পারে, ‘যারা এই গল্প বানাচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতাটা কী? ভিডিওতে দিন-তারিখ কিছুই দেখা যাচ্ছে না। আপনারা (সাংবাদিকেরা) এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন? এই জিনিসটা তো ম্যাচের আগে-পরে বা যেকোনো সময় ভিডিও করা হতে পারে।’অবশ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড কর্তৃপক্ষ হাসানের এসব প্রশ্নকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে এবং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সে রাজি হোক আর না-ই হোক, পত্রিকাটির উদ্দেশ্যে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আয়াজ জাখরানি। তিনি বলেছেন, ক্রিকেটারদের অপরাধ প্রমাণিত না হলে তাঁরা মামলা ঠুকে দেবেন পত্রিকাটির বিরুদ্ধে। বিবিসি, ওয়েবসাইট।