পাকিস্তান বলেই অস্ট্রেলিয়ার যা ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদারি বনাম আবেগ।দলগত চেষ্টা বনাম ব্যক্তিগত নৈপুণ্য। হলুদ বনাম সবুজ।টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল এমনই দুই মেরুর দুই দলের মধ্যে। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। ক্রিকেট-দর্শন আলাদা, প্রস্তুতির ধরন আলাদা, চিন্তাভাবনায় আলাদা।সেমিফাইনালে ওঠার পথও আলাদা। অস্ট্রেলিয়া এসেছে হাইওয়েতে ফেরারি ছুটিয়ে। পাকিস্তান সেন্ট লুসিয়ার চড়াই-উতরাইয়ের রাস্তায় চলা লক্কড়ঝক্কড় মাইক্রোবাসে চড়ে। অস্ট্রেলিয়া সব ম্যাচ শুধু জেতেইনি; এমনভাবে জিতেছে যে, টি-টোয়েন্টির অভিধান থেকে অনিশ্চয়তা শব্দটাই উধাও হওয়ার জোগাড়। আর পাকিস্তান বাক্সপেটরা মোটামুটি গুছিয়ে ফেলার পর টিকে গেছে ভাগ্যদেবীর খেয়ালে। যাঁর কাছে কোচিংটাকে কখনো কখনো ওভারে ছয়টা ইয়র্কার করার চেয়েও কঠিন বলে মনে হচ্ছে, সেই ওয়াকার ইউনুস নিজেই যেটিকে বলছেন ‘মিরাকল’।একটা জায়গায় শুধু মিল—দুই দলই জিততে চায়। শুধু আজকের সেমিফাইনাল নয়, বিশ্বকাপও। পাকিস্তানের জন্য এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার লড়াই। অস্ট্রেলিয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র অতৃপ্তিটা ঘোচানোর। টুর্নামেন্টে দুই দলের পারফরম্যান্স দেখে ভবিষ্যদ্বাণী করতে হলে ‘কে জিতবে’ প্রশ্নটা একেবারেই ফালতু মনে হবে। বরং আলোচনাটা হবে অস্ট্রেলিয়া কত ব্যবধানে জিতবে, তা নিয়ে। তিন বছর আগে এই ওয়েস্ট ইন্ডিজেই ৫০ ওভারের বিশ্বকাপের মতো এবারও সামনে যে দলকেই পাচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে ‘ইয়েলো আর্মি’। সপ্তাহখানেক আগে এই সেন্ট লুসিয়াতেই পাকিস্তানকেও তাই দিয়েছে। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শৌর্যের প্রতীক হয়ে ওঠা শন টেইট তো তাচ্ছিল্যভরে বলেই দিয়েছেন, ‘আমরা যা খেলছি, তাতে কোনো দল আমাদের ধারেকাছেও আসতে পারবে না। একটু আগে বলা যায়, ঔদ্ধত্যও মনে হতে পারে—কিন্তু ঘটনা হলো বিশ্বকাপটা আমরাই জিতছি।’মাচো ফাস্ট বোলার তো এমনই বলবেন। তবে মনে মনে পাকিস্তানকে নিয়ে একটা অস্বস্তিও হয়তো আছে অস্ট্রেলিয়ানদের মনে। নইলে ব্রাড হাডিন কেন বলবেন, ‘ওরা কী করবে কেউ জানে না!’ইমরান খানের সময় থেকেই পাকিস্তানের ক্রিকেট নিয়ে একটা রসিকতা চালু। টিম হোটেলের ব্রেকফাস্টে ডিমটা ঠিকমতো সিদ্ধ পাওয়া গেল কি না, সেটিই নাকি আসল। ডিমটা ঠিকমতো সিদ্ধ পেলেই পাকিস্তানি ক্রিকেটাররা সেদিন ফাটিয়ে দেবে। না পেলে সেই দিনটা বেকার গেল!শহীদ আফ্রিদি যেন পাকিস্তানি ক্রিকেটের সেই অনিশ্চয়তার প্রতীক। নিজের দিনে দুর্দম্য। কিন্তু সেই দিনটা কবে আসবে, কেউ জানে না। পাকিস্তানকে গত টি-টোয়েন্টির বিশ্বকাপ তাঁরই উপহার। সেটির সঙ্গে এবারের মিলও খুঁজে পাচ্ছেন, ‘এবার আমরা শুরুতে যেমন খারাপ খেলেছি, গতবারও তা-ই খেলেছিলাম। এর পর কী হয়েছিল, আপনারা তা জানেন।’সেমিফাইনাল-ফাইনালে ফাটিয়ে দিয়েছিলেন আফ্রিদি। এবার এখন পর্যন্ত কিছু করতে না-পারাটা কি সেটির পুনরাবৃত্তির পূর্বাভাস? সেমিফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ক্যাপ্টেনসিকে তাঁর কোনো চাপ বলেই মনে হচ্ছে না। চাপ যদি কিছু থেকে থাকে, সেটি নিজের বাজে পারফরম্যান্স। আশা, সেমিফাইনালের গল্পটা অন্যরকম হবে। অস্ট্রেলিয়া দারুণ খেলছে স্বীকার করে আফ্রিদি শুধু মনে করিয়ে দিচ্ছেন, ‘এটা সেমিফাইনাল। এর চাপটা অন্য রকম।’ সেন্ট লুসিয়ায় খেলা। অস্ট্রেলিয়া-বধ পরিকল্পনায় স্পিনকেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবছেন, সেটি তাই না বললেও চলত। একসময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নামার আগে প্রতিপক্ষের বোলাররা যেমন হেইডেন-গিলক্রিস্টকে নিয়ে দুঃস্বপ্ন দেখতেন, টি-টোয়েন্টিতে সেই ভূমিকায় অবতীর্ণ শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। আফ্রিদি অবশ্য হাসিমুখে জানালেন, ‘উসেকা লিয়ে প্ল্যান রেডি হ্যায়।’গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ইউনুস খান প্রেরণার মন্ত্র খুঁজেছিলেন অশান্তির আগুনে পুড়তে থাকা পাকিস্তান থেকে। পেশোয়ারে তালেবান নির্মূলের যুদ্ধ চলছে তখন। ইউনুস খান টিম মিটিংয়ে বলেছিলেন, ‘আমাদের দেশের মানুষ খুব অশান্তিতে আছে। চলো, ওদের মুখে হাসি ফোটাই।’শহীদ আফ্রিদিও এই বিশ্বকাপটার বৃহত্তর একটা অর্থ করে নিয়েছেন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই অনেক দিন। বিশ্বকাপটা জিতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর দাবিটা জোরেশোরে তুলে ধরতে চান তিনি। কিন্তু পাকিস্তানে খেলা না হওয়ার সঙ্গে বিশ্বকাপ জেতা না-জেতার কী সম্পর্ক? আজ এখানে বোমা, কাল ওখানে—কোনো দল যে পাকিস্তানে যেতে রাজি নয়, সেটি নিরাপত্তা নিয়ে সংশয়ের কারণে। আফ্রিদি সেই ভয়কে উড়িয়েই দিচ্ছেন, ‘নিরাপত্তা নিয়ে ভয় এখন বিশ্বের কোন দেশে নেই? ভারত-শ্রীলঙ্কাতেও তো সমস্যা আছে। আমরা তো দিব্যি খেলে এসেছি।’প্রেরণার একটা জায়গা অবশ্য একই আছে। বব উলমার। ইংল্যান্ডে ফাইনালের আগে বব উলমারের জন্য ট্রফিটা জিততে চান বলে ঘোষণা করেছিলেন ইউনুস খান। জেতার পর শিরোপা উৎসর্গও করেছিলেন প্রয়াত কোচকে। ইউনুসের মতো আফ্রিদির সঙ্গে উলমারের অত মাখামাখি ছিল না। তার পরও ওয়েস্ট ইন্ডিজে খেলা, সেটিও আরেকটি বিশ্বকাপ—উলমারকে তো মাঝেমধ্যে মনে পড়েই।এই বিশ্বকাপে পাকিস্তানের একমাত্র সাংবাদিক সেদিন বলছিলেন, পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজে এলেই তাঁর ভয়-ভয় করে। অনেক অঘটন আর বিতর্কের ইতিহাস আছে যে! বব উলমারের মৃত্যু সর্বশেষ সংযোজন। এর আগে গ্রেনেডার সমুদ্রসৈকতে গাঁজাসহ ধরা পড়েছিলেন ওয়াসিম আকরামরা, জিহান পারভেজ নামে অনূর্ধ্ব-১৯ পাকিস্তান দলের এক ক্রিকেটার গ্রেপ্তার হয়েছিলেন ধর্ষণের অপরাধে। এই বিশ্বকাপ জিতলে পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজের একটা অন্য অর্থ হয়।কিন্তু অস্ট্রেলিয়া মানলে তো! এই বিশ্বকাপে এমন একটা উচ্চতায় তাদের অধিষ্ঠান যে, অন্য কোনো দলের তা স্পর্শ করার ক্ষমতা আছে বলে মনে হচ্ছে না। আপাতত তাই অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়াই। অন্য কিছু যদি হয়ে যায়, সেটি টি-টোয়েন্টির অনিশ্চয়তার কারণে নয়। প্রতিপক্ষ দলটির নাম পাকিস্তান বলে!