পাকিস্তান বিশ্বকাপে ভালো করবে, আফ্রিদির আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবারের বিশ্বচ্যাম্পিয়ন, আরেকবারের রানার্সআপ। কয়েকবার সেমিতে খেলারও অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের। সব মিলিয়ে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ দাবিদারই বলা যেতে পারে দেশটিকে। দুবার বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে তাদের। এমন একটা দলকে কোনোভাবেই আলোচনার বাইরে রাখা সম্ভব নয়। আলোচনায় রয়েছেও তারা। তবে যতটা না ক্রিকেট নিয়ে, তার চেয়ে ঢের বেশি মাঠের বাইরের বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা নিয়ে।ম্যাচ ফিক্সিং বিতর্কে পুড়ে ইতিমধ্যেই পাকিস্তানের ক্রিকেট কয়লায় পরিণত হয়েছে। তরুণ উদীয়মান উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের অভিষেক সিরিজ চলাকালেই বাজিকরদের ভয়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা কেবল তুষই ঢেলেছে তাতে। অধিনায়কত্বের মিউজিক্যাল চেয়ার খেলা তো আষ্টেপৃষ্ঠেই জড়িয়ে আছে পাকিস্তান ক্রিকেটে। উপমহাদেশের বাকি তিন ক্রিকেটশক্তি ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা যখন ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ আয়োজনের রঙে রঙিন হবে, তখন পাকিস্তান পুড়বে না পাওয়ার যন্ত্রণায়। কারণ, এই আনন্দ-উত্সবের আয়োজক হওয়ার কথা যে ছিল তাদেরও। রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটিকে নিরাপত্তাহীন করে তোলায় সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে তারা। মাঠের লড়াইয়েও পাকিস্তানকে দুই বছর ধরেই মনে হচ্ছে নখদন্তহীন বুড়ো বাঘ। যে বাঘের গর্জনও দুর্বল, শিকারের শক্তিও প্রায় নেই বললেই চলে। এসবেরই প্রতিফলন ঘটেছে পাকিস্তানের সম্প্রতিক পারফরম্যান্সে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে তথৈবচ পারফরম্যান্স তো নিকট অতীতের ব্যাপার। আরেকটি তথ্য শুনলে পাকিস্তানের ক্রিকেটের-ভক্তদের পিলে চমকাতে বাধ্য—ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার , সাকলাইনের প্রতিভাধন্য পাকিস্তান দল যে ২০০৮ সালের পর কোনো ওয়ানডে সিরিজই জেতেনি!এমন একটা হ-য-ব-র-ল পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে নামার আগে অবশ্য অধিনায়ক শহীদ আফ্রিদির কণ্ঠে মোটামুটি আত্মবিশ্বাসই শোনাচ্ছে। তিনি বলেছেন, লোকে যা-ই বলুক, উপমহাদেশের কন্ডিশনে পাকিস্তান দল আগামী বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদারই। বর্তমান পরিস্থিতিতে আফ্রিদি যা বলেছেন, তা মন থেকে বললে অবশ্য হিম্মতের দরকার। তবে আফ্রিদি তাঁর বক্তব্যের পক্ষে যুক্তিও তুলে ধরেছেন। আফ্রিদির যুক্তি হলো—‘পাকিস্তান দলে প্রতিভার কোনো অভাব নেই। কেবল তাঁদের মধ্য থেকে পারফরম্যান্স বের করে আনার জন্য যোগ্য নেতৃত্ব দরকার।’ তিনি বলেন, দল ঐক্যবদ্ধ থাকলে পাকিস্তান দলের পক্ষে অনেক কিছুই ঘটানো সম্ভব। আফ্রিদি মনে করেন, ‘উপমহাদেশের মাটি পাকিস্তানকে অন্যরকম শক্তিই জোগাবে। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার আবহাওয়া এবং পরিবেশ পাকিস্তানের মতোই। এই তিনটি দেশেই অনেকবার খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। তাই আমার বিশ্বাস, পাকিস্তান বিশ্বকাপে ভালো করবে।’তিনি পাকিস্তান দলের সমস্যা চিহ্নিত করতে গিয়ে বলেন, ‘এই দলটির মূল সমস্যা ধারাবাহিকতা ও ফিনিশিং। অনেক জায়গাতেই জয়ের বন্দর থেকে আমাদের ফিরে আসতে হয়েছে কেবল ফিনিশিংয়ের অভাবে। এই জায়গায় আমাদের প্রভূত উন্নতির অবকাশ রয়েছে।’