পাকিস্তান বোলাররা পেরেছেন ব্যাটসম্যানরা পারবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা কে জিতেছে, পাকিস্তান না দক্ষিণ আফ্রিকা? পাকিস্তান ইনিংসের মাঝপথে যখন লেখা হচ্ছে এই প্রতিবেদন, তখন অবশ্য এজবাস্টনে সম্ভাবনার পাল্লাটা হেলে ছিল পাকিস্তানের দিকেই। এই টুর্নামেন্টে যেখানে অহরহই তিন শ পেরোনো স্কোর হচ্ছে, তখন দক্ষিণ আফ্রিকাকে ২১৯ রানেই আটকে দেওয়াটা কৃতিত্বেরই। রান তাড়া করতে এসে পাকিস্তান ২৫ ওভারে ৩ উইকেটে তুলে নিয়েছে ১০৪ রান। জয়ের জন্য আর দরকার ১১৬ রান। উইকেটে বাবর আজম ২৩ এবং শোয়েব মালিক ১০ রানে ব্যাট করছিলেন।

এই এজবাস্টনেই আগের ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হেরেছিল পাকিস্তান। বোলিংয়ে তো নয়ই, ব্যাটিংয়েও খারাপ করেছিল তারা। ওই ম্যাচের পর পাকিস্তান দলের কোচ মিকি আর্থার বলেছিলেন, পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটা করে দেখাবে তাঁর দল। প্রতিপক্ষকে কাল কম রানে আটকে দিয়ে কোচের কথা রাখার প্রাথমিক কাজটা ঠিকই করেছেন পাকিস্তানি বোলাররা।

টস জিতে ব্যাটিংয়ে আসা দক্ষিণ আফ্রিকা ৮ ওভারে বিনা উইকেটে তুলেছিল ৩৯ রান। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ এই সময় স্পিনারদের হাতে তুলে দিলেন বল। ইমাদ ওয়াসিম উইকেট পেয়ে গেলেন দ্বিতীয় বলেই। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া হাশিম আমলা বলের লাইন মিস করে এলবিডব্লু। পাঁচ ওভার পর মোহাম্মদ হাফিজের বলে লাইন মিস করে এলবিডব্লু কুইন্টন ডি ককও। এক ওভার ও এক রান পর নেই এবি ডি ভিলিয়ার্সও। মুখোমুখি হওয়া প্রথম বলেই পয়েন্টে হাফিজকে ক্যাচিং অনুশীলন করালেন প্রোটিয়া অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৬১। দক্ষিণ আফ্রিকার পরের তিনটি উইকেট নিয়েছেন হাসান আলী।

২৩তম ওভারে ফাফ ডু প্লেসি প্লেইড অন। এরপর ২৯তম ওভারের শেষ দুই বলে জেপি ডুমিনি ও ওয়েইন পারনেলকে আউট করেছেন হাসান। হাসানকে হ্যাটট্রিক-বঞ্চিত করা ডেভিড মিলার এরপর ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছেন। ৭৫ রান করে অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ২১৯/৮। প্রোটিয়াদের দুই শ পেরোনো স্কোরে অবদান রাবাদারও। ২৩ বলে ২৬ করেছেন এই টেলএন্ডার। মিলারের সঙ্গে অষ্টম উইকেটে যোগ করেছেন ৪৮ রান। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।