পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ
আপাতত জানুয়ারি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশ। পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থার উন্নতি না হওয়া এবং এই সফরের বিরুদ্ধে বাংলাদেশের ভেতরে জনমত গড়ে ওঠার পরিপ্রেক্ষিতে আপাতত পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।রাজধানীর একটি হোটেলে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘যেহেতু এখন সেখানে সহিংস ঘটনা ঘটছে এবং এই সফর নিয়ে সবাই আতঙ্কিত, সেহেতু আমরা মনে করি, এই মুহূর্তে পাকিস্তানে যাওয়াটা সমীচীন হবে না।’জানুয়ারি মাসে পাকিস্তান সফরে না গেলেও ভবিষ্যতে এই সফরের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন নাজমুল হাসান।তিনি বলেন, ‘পাকিস্তান সফরে আমরা যাব না, এটা আমরা বলছি না। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই এটা আমরা বলতে পারি না।’নাজমুল হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বর্ণনা করে তিন দিন আগে আমরা তাদের (পিসিবি) একটা চিঠি পাঠিয়েছি। চিঠিতে আমরা না যাওয়ার কথা বলিনি। তবে বলেছি, এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না। যদি সেখানকার পরিস্থিতির উন্নতি হয়, তখন যাওয়ার ব্যাপারে যোগাযোগ করব।’তবে সফরের নতুন কোনো প্রস্তাবিত সময় চিঠিতে উল্লেখ করা হয়নি।বিসিবি সভাপতির মতে, পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তটি নেওয়া নাকি বিসিবির জন্য অত্যন্ত কঠিন ছিল। পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাটি নাকি আইসিসি সভার কার্যবিবরণীতে উল্লেখ আছে বলে জানান তিনি। তার পরও বিসিবির কাছে জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নটি সর্বাধিক গুরুত্ব পেয়েছে বলে সংবাদ সংম্মেলনে উল্লেখ করেন নাজমুল হাসান।বাংলাদেশের এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অসন্তুষ্ট করবে বলেও জানান নাজমুল। তিনি বলেন, ‘আমরা জানি, সফরে না যাওয়ার এই সিদ্ধান্ত পিসিবিকে অসন্তুষ্ট করবে। তারা আমাদের ঘরোয়া ক্রিকেটে তাদের খেলোয়াড়দের না-ও পাঠাতে পারে। ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা অনেক ক্ষেত্রে অসহযোগিতাও পেতে পারি। কিন্তু পুরো ব্যাপারটিই আমাদের মেনে নিতে হবে।’কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ হুমকি দিয়েছিলেন, বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে আসন্ন বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলার অনুমতি দেওয়ার ব্যাপারটি তাঁরা নতুন করে ভাববেন।এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির সদস্য আফজালুর রহমান সিনহা বলেন, ‘পাকিস্তানি খেলোয়াড়েরা না খেললেও বিপিএল যথাসময়ে অনুষ্ঠিত হবে।’