পাকিস্তান যাবে না শেখ জামাল
বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তাবিত পাকিস্তান সফর নিয়ে অনেক কথা হচ্ছে। নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের না যাওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে লাহোরে এএফসি প্রেসিডেন্টস কাপে খেলা পড়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির। আগামী ৮-১২ মে খেলা হওয়া কথা। কিন্তু নিরাপত্তার ব্যাপারটা সামনে এনে এ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেখ জামাল ক্লাব।কাল শেখ জামালের সভাপতি মনজুর কাদের জানালেন, ‘পাকিস্তানে নিরাপত্তার অভাব আছে। সেখানে গিয়ে আমরা কি বিপদে পড়ব নাকি! তাই আমরা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ শেখ জামাল তাদের এ সিদ্ধান্ত চিঠি দিয়ে জানিয়েছে বাফুফেকে। বাফুফে তা জানাবে এএফসিকে। তবে না যাওয়ার কারণে শেখ জামালকে কম করেও ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে।জানা গেছে, শেখ জামালের বিকল্প হিসেবে গত বাংলাদেশ লিগের রানার্সআপ মুক্তিযোদ্ধা প্রেসিডেন্টস কাপে খেলতে মৌখিকভাবে সুযোগ চেয়েছে বাফুফের কাছে। যদিও সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, এভাবে শেষ মুহূর্তে এসে এক দলের পরিবর্তে আরেক দলকে সুযোগ সাধারণত দেয় না এএফসি। কাজেই এবার এএফসি প্রেসিডেন্টস কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না, এটা নিশ্চিতই।