পাকিস্তান সফর এ মাসেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে এ মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল! আইসিসির নির্বাহী বোর্ডের সভা শেষে কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসিই দিয়েছে এই খবর। যৌথ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি আর পিসিবিও। তবে সফরটি হবে সংক্ষিপ্ত আকারে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৯ এপ্রিল একটি ওয়ানডে ও ৩০ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।দুবাইয়ে আইসিসির নির্বাহী বোর্ডের দুই দিনব্যাপী সভা শুরু হয়েছে কাল। সভার প্রথম দিনেই আইসিসিকে বহুল আলোচিত সফরের ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেটার ওপর ভিত্তি করেই আইসিসির ওই সিদ্ধান্ত। সভায় বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও পিসিবির পক্ষে জাকা আশরাফ।২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এর পর গত তিন বছরে নিরাপত্তার কারণে কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তানে যায়নি। আইসিসির এফটিপি (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) অনুযায়ী এ মাসেই বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা। পিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টি ম্যাচের সফরটি শুরু হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল থেকে।পাকিস্তানের নিরাপত্তা এখনো প্রশ্নবিদ্ধ। সংশয় ছিল বাংলাদেশ দলের সফর নিয়েও। সফরটি সফল করতে গত কয়েক মাসে পিসিবি নানা রকম ‘কূটনৈতিক তৎপরতা’ চালিয়েছে। বাংলাদেশ দল পাকিস্তানে না গেলে দুই বোর্ডের সম্পর্ক শীতল হয়ে পড়তে পারে—পরোক্ষে দেওয়া হয়েছে এমন হুমকিও। অন্যদিকে সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব থাকলেও বিসিবির সভাপতি মুস্তফা কামাল বরাবরই বলে এসেছেন, আর দশটা সিরিজের মতো আইসিসি নিরপেক্ষ ম্যাচ কর্মকর্তা পাঠালেই শুধু পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে ‘হ্যাঁ’ বলাটা সেই শর্ত সাপেক্ষে কি না, সেটা কাল বিসিবি সভাপতির কাছ থেকে সরাসরি জানা যায়নি। তাঁর দুবাইয়ের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। সংযোগ পাওয়া সম্ভব হয়নি রোমিং নম্বরেও। তবে সিরিজের জন্য নিরপেক্ষ ম্যাচ রেফারি ও আম্পায়ার পাঠানোর সিদ্ধান্ত নিতে আইসিসি খুব দ্রুতই বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা জানাতে বলেছে পিসিবিকে। তাদের নিরাপত্তা পরিকল্পনা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের কতটা সুরক্ষা দেবে, সেটা যাচাই করে দেখবে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ। সিরিজের জন্য ম্যাচ কর্মকর্তা পাঠানোর সিদ্ধান্ত হবে এরপরই।বিসিবির পাকিস্তান সফরে যেতে রাজি হওয়ার ‘সুসংবাদ’ যৌথ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পিসিবিও। বিজ্ঞপ্তির ওপরে বিসিবি এবং পিসিবির লোগো। নিচে পিসিবির প্রধান জাকা আশরাফ ও বিসিবি সভাপতি মুস্তফা কামালের স্বাক্ষর।বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি বলেছেন, ‘আজ (গতকাল) এ সফরটি নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। আমি জানি, পাকিস্তানের জন্য তাদের দেশে ক্রিকেট শুরু করা কতটা গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের পর এই প্রথম পাকিস্তানে কোনো সফর হবে। আশা করি, সংক্ষিপ্ত এই সফর সারা বিশ্বকে জানাবে, পাকিস্তানে আবার ক্রিকেট শুরু করা যেতে পারে।’ দারুণ খুশি পিসিবির প্রধান জাকা আশরাফও, ‘আমি খুবই আনন্দিত, বিসিবি আজ (গতকাল) সফরটি নিশ্চিত করেছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সফরটা ঠিকঠাকভাবে হওয়ার জন্য আমরা সব রকম ব্যবস্থাই নেব। এই সফর বাংলাদেশ-পাকিস্তানের আন্তরিক সম্পর্কেরই প্রতিচ্ছবি।’ এফটিপি অনুযায়ী সিরিজের বাকি ম্যাচগুলোর ভেন্যু ও সূচি ভবিষ্যতে দুই বোর্ড মিলে ঠিক করবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।কিন্তু পাকিস্তান সফরে যেতে বিসিবি সভাপতির সম্মতি বিস্ময়ের জন্ম দিয়েছে খোদ বিসিবিতেই। বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নন জানিয়ে বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘বিষয়টা বোর্ড সভাপতি একাই দেখছিলেন। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানি না। গত বোর্ড সভায়ও এ নিয়ে কোনো আলাপ হয়নি।’বিসিবির কয়েকটি সূত্রের অবশ্য দাবি, সরকারের সবুজ সংকেত পেয়েই পাকিস্তান সফরে মত দিয়েছেন মুস্তফা কামাল। বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘এ রকম একটা সিদ্ধান্ত ওপর মহলের গ্রিন সিগন্যাল ছাড়া নেওয়া যায় না। পূর্ণাঙ্গ সফর না করে সংক্ষিপ্ত সফর করার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সরকার।’ হয়তো সে কারণেই আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পাশাপাশি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ দিয়েছেন পিসিবির প্রধান, ‘এই সফরে সমর্থন জানানোর জন্য আমি বিসিবি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই।’অনেকে এও বলছেন, আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিরও অংশ হতে পারে মুস্তফা কামালের সম্মতি। কালকের সভায়ই আইসিসির পরবর্তী সহসভাপতি হিসেবে যৌথভাবে মুস্তফা কামালকে মনোনয়ন দিয়েছে পিসিবি-বিসিবি। তবে এই আনুষ্ঠানিকতা যখন হয়েই গেছে, আইসিসি নিরপেক্ষ ম্যাচ কর্মকর্তা না পাঠালে পাকিস্তান সফরের ব্যাপারে অবস্থানটা ঘুরেও তো যেতে পারে বাংলাদেশের!