পাকিস্তান সফর এখনো ধোঁয়াশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রমেই ফুঁসে উঠছে। পিসিবির প্রধান জাকা আশরাফের ভাষাও আস্তে আস্তে হয়ে উঠছে কড়া। বাংলাদেশ দল পাকিস্তান সফরে না গেলে দুই দেশের বোর্ডের সম্পর্কে সৃষ্টি হবে তিক্ততা, পরিস্থিতি হবে জটিল—ওয়েবসাইট ঘেঁটে ইদানীং এমন সব বক্তব্যই পাওয়া যাচ্ছে পিসিবির প্রধানের।কেন হঠাৎ চটলেন জাকা আশরাফ? মূল কারণ বিসিবি থেকে এখন পর্যন্ত সফরের ব্যাপারে ইতিবাচক কিছু না শোনা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ মাসের ১৭ তারিখে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা। সেই ১৭ তারিখ আসতে আর এক সপ্তাহও বাকি নেই। অথচ বিসিবি এখনো জানায়নি বাংলাদেশ দল আদৌ পাকিস্তানে যাবে কি না।তবে একটি সূত্রে জানা গেছে, বিসিবি এরই মধ্যে আপাতত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অপারগতা জানিয়েছে। যদিও জাকা আশরাফ গণমাধ্যমকে বলেছেন, বিসিবি এখনো কিছুই নিশ্চিত করেনি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও দাবি করলেন, ‘আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি পিসিবিকে। কোনো চিঠিও দেওয়া হয়নি।’জাকা-জালালদের কথা বাদ দিলেও সফরের ব্যাপারে বিসিবির আনুষ্ঠানিক বক্তব্য তো পুরোনো, আইসিসি নিরপেক্ষ আম্পায়ার দিলেই কেবল বাংলাদেশ পাকিস্তানে যাবে। অনানুষ্ঠানিকভাবে সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেতও বিশেষ গুরুত্ব বহন করছে এখানে। পাকিস্তান সফরের ক্ষেত্রে নিরাপত্তা বড় ইস্যু। ২০০৯ সালের মার্চ থেকে কোনো দেশের ক্রিকেট দলই যেহেতু দেশটি সফর করছে না, সেখানে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের সবুজ সংকেত ছাড়া হয় কীভাবে!সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে, পাকিস্তানে দল পাঠানোর মতো সময় এখনো আসেনি। ক্রিকেট কূটনীতির কারণেই কেবল বক্তব্যটা ঘোষণা আকারে আসছে না, আসবেও না। মেঘে মেঘে বেলা গড়িয়ে যাবে। একসময় সবাই জানবে, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যায়নি। ভবিষ্যতে কোনো একদিন নিশ্চয়ই তারা পাকিস্তানে যাবে। সেটা কবে, কেউ জানে না।ক্রিকেট কূটনীতিতে নেতৃত্ব বোর্ড সভাপতিকেই দিতে হয়। পাকিস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশ আইসিসির পরবর্তী সহসভাপতি প্রার্থী। এ অবস্থায় পিসিবিকে ‘আহত’ করা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। হয়তো সে কারণেই বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল কাল আবারও জোর গলায় বললেন, ‘বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে।’‘আমি আশাবাদী। আমরা অবশ্যই পাকিস্তানে যাব। এ নিয়েই এখন কাজ করছি’—টেলিফোনে বলেছেন বিসিবির সভাপতি। কিন্তু কবে যাবে বাংলাদেশ? ১৭ এপ্রিল তো ছয় দিন পর! বোর্ড সভাপতি এই জায়গায় নৈর্ব্যক্তিক, ‘কবে যাচ্ছি, সেটা আপনারা শিগগিরই জানবেন। সামনে আইসিসির সভা আছে। সেখানে সব ঠিক হবে।’ মুস্তফা কামাল অবশ্য বিসিবির আনুষ্ঠানিক বক্তব্য নিশ্চিত করেছেন আবারও, ‘আদর্শ সিরিজের মতো আইসিসি যদি নিরপেক্ষ আম্পায়ার দেয়, তাহলে আমাদের পাকিস্তানে যেতে আপত্তি নেই।’ ক্রিকেট কূটনীতির স্বার্থে অন্য কিছু না বলে পাকিস্তান ইস্যুতে এটাই সবচেয়ে নিরাপদ বক্তব্য বিসিবির জন্য।পাকিস্তানের নিরাপত্তা দেখতে গত ফেব্রুয়ারিতে দেশটি সফর করে এসেছে বাংলাদেশের নিরাপত্তা প্রতিনিধিদল। সফর নিয়ে প্রতিনিধিদলের প্রতিবেদনকে বলা হচ্ছে ‘ধরি মাছ, না ছুঁই পানি’ জাতীয় প্রতিবেদন। এর আগে বিসিবির সভাপতিও বলেছিলেন, ‘নিরাপত্তা রিপোর্টে নেগেটিভ কিছু নেই, পজিটিভও কিছু নেই।’ওদিকে পিসিবি এখনো আশায় পথ চেয়ে আছে। বাংলাদেশ দল যদি এক-দুই দিনের জন্য যেয়ে এক-দুইটা টি-টোয়েন্টি ম্যাচ খেলে আসে, তাহলেও নাকি তারা রাজি। পিসিবির চেয়ারম্যান নাকি দাবি করেছেন, বিসিবির সঙ্গে তাদের লিখিত চুক্তি হয়েছে। সে চুক্তি অনুযায়ীই আইসিসির সহসভাপতি হিসেবে মুস্তফা কামালকে সমর্থন দিয়েছেন তাঁরা। এখন যদি বিসিবি মুখ ফিরিয়ে নেয়, সামনে ‘কঠিন সময়’। জাকা আশরাফ যে রকম দাবি করছেন, হয়তো অক্ষরে অক্ষরে সে রকমই নয়, তবে দুই পক্ষের একটা চুক্তির কথা বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও বললেন, ‘আইসিসির সহসভাপতি হওয়ার জন্য পিসিবি সমর্থন করলে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে, এমন চুক্তি হয়নি। তবে গত ডিসেম্বরে পিসিবি প্রধানের ঢাকা সফরের সময় দুই বোর্ডের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করবে, বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানে ট্রেনিংয়ের জন্য যাবে—চুক্তিতে এসবই ছিল।’