পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের পাকিস্তান সফরটাকে যেন নিশ্চিতই ধরে নিয়েছে সে দেশের সংবাদমাধ্যম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ জন্য ধন্যবাদও জানাচ্ছে অনেকে। তবে কাল বিবিসি বাংলা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি বলেছেন, সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এ সপ্তাহের মধ্যেই।বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা দল পাকিস্তান সফর করার পর সেখানকার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। বিসিবি এখন পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আইসিসির পর্যবেক্ষণ জানতে চায়। তা ছাড়া বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলে ম্যাচ কর্মকর্তাদের ব্যাপারে আইসিসির সিদ্ধান্ত কী হবে, বিসিবি জানতে চায় সেটাও। ‘এই জিনিসগুলো জানার পরই আমরা নিশ্চিত হয়ে যাব। আমার ধারণা, এই ২-৪ দিনের মধ্যেই আমরা একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাতে পারব’—বিবিসি বাংলাকে বলেছেন বিসিবি সভাপতি।নাজমুল হাসানও মনে করেন, পাকিস্তান যাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে, ‘নিরাপত্তার ইস্যুটা সবার আগে। উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই।’ তবে বলেছেন, বিসিবি থেকে যেহেতু যাওয়ার প্রতিশ্রুতি ছিল, পর্যাপ্ত নিরাপত্তা পেলে বাংলাদেশ দলের সফরটা করা উচিত, ‘আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি। আমি শুনেছি, আইসিসির মিটিংয়েও নাকি আলোচনা হয়েছে যে আমরা পাকিস্তানে যাব। কাজেই একটা প্রতিশ্রুতি যখন আমরা দিয়েছি এবং যদি আমরা মনে করি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাহলে আমি মনে করি আমাদের যাওয়া উচিত।’ বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। প্রতিশ্রুতি দিয়ে সেটা না রাখলে ভবিষ্যতের জন্য বাজে উদাহরণ সৃষ্টি হবে বলেও আশঙ্কা নাজমুল হাসানের।তবে বোর্ড সভাপতি আশ্বস্ত করেছেন, বাংলাদেশ দলের পাকিস্তান সফর হলে সব রকম সাবধানতা অবলম্বন করেই হবে, ‘আমরা আমাদের তরফ থেকে আরেকবার নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করব, আইসিসির পর্যালোচনা দেখব। তারপরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কাজেই মোটামুটিভাবে আমরা বলতে পারি, আমরা যদি যাই, সব সাবধানতা অবলম্বন করেই যাওয়া হবে।’পিসিবির পাঠানো সূচি অনুযায়ী আগামী ১২ ও ১৩ জানুয়ারি লাহোরে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তান দলের।