পাকিস্তান সফর বাতিল চায় ফিকা
দ্বিপক্ষীয় সিরিজ, ব্যাপারটা দুই বোর্ডের। আইসিসি তাই মাথা ঘামাবে না। আবার অনিরাপদ মনে হওয়ায় পাকিস্তানে নিরপেক্ষ আম্পায়ার-ম্যাচ রেফারিও পাঠাবে না। এ জন্য এমনকি নিয়মেরও সংশোধনী আনা হচ্ছে! একই ক্ষেত্রে দুই রকম নীতি নেওয়ায় আইসিসিকে একহাত নিয়েছেন টিম মে। ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) প্রধানের দাবি, বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে আইসিসির উচিত, বোর্ড চাইলেও বাংলাদেশ দলকে পাকিস্তানে যেতে না দেওয়া।আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে দুই প্রান্তেই নিরপেক্ষ আম্পায়ার থাকেন, ওয়ানডেতে এক প্রান্তে। ম্যাচ রেফারি সব সময়ই থাকেন নিরপেক্ষ। তবে সম্প্রতি দুবাইতে আইসিসির প্রধান নির্বাহীদের সভা সুপারিশ করেছে, যাতে ‘বিশেষ পরিস্থিতিতে’ আইসিসির অনুমতি সাপেক্ষে অনিরপেক্ষ কর্মকর্তাদের দিয়েও ম্যাচ চালানো যায়। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফরের পথ সুগম করতেই এই নিয়মের সুপারিশ। বিসিবি বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠালেও অন্য দেশের আম্পায়াররা কেন যেতে রাজি হবেন!একই ক্ষেত্রে আইসিসির দুই রকম নীতিতে বিস্মিত টিম মে, ‘এটা সত্যিই উদ্বেগজনক, একদিকে আইসিসি কর্মকর্তাদের পাকিস্তানে পাঠাবে না, কারণ বিশেষজ্ঞরা পাকিস্তানকে অনিরাপদ মনে করছেন; অন্যদিকে পাকিস্তান-বাংলাদেশ সিরিজকে স্বীকৃতি দিতে নিয়মে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। আমি বুঝতে পারছি না, এমন ভাবনাটা কীভাবে এল! আইসিসির উচিত, এই সিরিজটা বাতিল করার জন্য দুই দেশের বোর্ডকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করা।’দুবাইতে প্রধান নির্বাহীদের সভা শেষে এবং পরশু বার্সেলোনায় গ্লোবাল স্পোর্টস ফোরামে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত সম্ভাব্য এই সিরিজ নিয়ে বলেছেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ হলে নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে ওই দুই দেশকেই।’ তবে ফিকা প্রধানের দাবি, আইসিসির উচিত এখানে সক্রিয় ভূমিকা রাখা, ‘দ্বিপক্ষীয় সিরিজ হোক বা বিশ্বকাপের মতো কোনো আইসিসি ইভেন্ট, আইসিসির উচিত সব দেশের খেলোয়াড়-কর্মকর্তা সবার দায়িত্ব নেওয়া। আইসিসির কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে পাকিস্তান নিরাপদ নয়, তাহলে খেলোয়াড়-কর্মকর্তাদেরও এই বার্তা দেওয়া উচিত নয় যে সিরিজটায় আইসিসির স্বীকৃতি আছে।’মে আবারও জোর দিয়ে বলেছেন, পাকিস্তান সফর এখনো অনিরাপদ, ‘আইসিসিই শুধু পাকিস্তানের নিরাপত্তা সম্পর্কে নেতিবাচক তথ্য পায়নি, গত ডিসেম্বরে ফিকার গঠিত স্বাধীন নিরাপত্তা কমিটিও জানিয়েছে, এই মুহূর্তে পাকিস্তান সফর ঝুঁকিপূর্ণ। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট না হতে পারায় ওই দেশের ক্রিকেটার, সমর্থক সবার প্রতিই আমরা সমব্যথী। কিন্তু ক্রিকেটার-কর্মকর্তাদের নিরাপত্তাই আমাদের কাছে সবকিছুর আগে।’ ওয়েবসাইট।