পাকিস্তান সফর বিতর্কে ঘুরপাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সফর নিয়ে ভালো এক গ্যাঁড়াকলেই পড়েছে বাংলাদেশের ক্রিকেট। শুরু হয়ে গেছে অন্তঃকলহও। বিসিবির সাবেক ও বর্তমান সভাপতি মুখোমুখি এই সফর নিয়ে। তাঁদের সাম্প্রতিক কথার লড়াই উত্তপ্ত করে তুলেছে ক্রিকেটাঙ্গনকে।পাকিস্তান সফর নিয়ে যে ‘ঝামেলা’য় পড়েছে বিসিবি, তার শুরুটা করেছিলেন বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। আইসিসির সহসভাপতি হওয়ার রাজনীতির সঙ্গে তিনি হয়তো মিশিয়ে ফেলেছিলেন মাঠের ক্রিকেটকে। তাতে ‘সাফল্য’ এসেছে, মুস্তফা কামাল হয়ে গেছেন আইসিসির সহসভাপতি। কিন্তু বিনিময়ে দেওয়া পাকিস্তান সফরের প্রতিশ্রুতিই এখন বিসিবির গলার কাঁটা। পাকিস্তান সফরের উদ্যোগ নেওয়ার কথা মুস্তফা কামাল সব সময়ই স্বীকার করে এসেছেন এবং এখনো মনে করেন, ক্রিকেট কূটনীতির স্বার্থেই পাকিস্তান সফর করা উচিত। তবে তাঁর দাবি, পাকিস্তান সফরের ব্যাপারে ‘নিঃশর্ত প্রতিশ্রুতি’ তিনি দেননি। সাবেক সভাপতির সঙ্গে বর্তমান সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক কথার যুদ্ধ এ নিয়েই। নাজমুল হাসান এবং বিসিবিতে তাঁর অস্থায়ী ‘পরিষদের’ দাবি, বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে—এটা আইসিসির সভার কার্যবিবরণীতেও উল্লেখ আছে। মুস্তফা কামাল সে সভাতে বিসিবির প্রতিনিধিত্ব করেছিলেন বলে দায়টা তাঁর। বিসিবি সে কারণেই পাকিস্তানে দল পাঠাতে বাধ্য। নয়তো প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়ে যায়।বিসিবির সভাপতি থাকাকালে মুস্তফা কামালের সঙ্গে পিসিবি প্রধান জাকা আশরাফের একাধিক বৈঠক হয়েছে, যৌথ সংবাদ সম্মেলনও হয়েছে। সেসবে বরাবরই বিজয়ী ছিলেন বিসিবি সভাপতি। দ্বিপাক্ষিক ইস্যুতে এ ধরনের শীর্ষ বৈঠক বেশির ভাগ সময় ‘আশ্বাস-বিশ্বাস’ বিনিময়ে শেষ হয়। মুস্তফা কামাল সেভাবেই পিসিবির কাছ থেকে আদায় করে নেন বাংলাদেশকে আইসিসির শীর্ষ পদে নিতে পাকিস্তানের সমর্থন। বিসিবির তখনকার পরিচালকেরা বলেন, তাঁদের না জানিয়েই পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি। কিন্তু মুস্তফা কামাল এত কিছু সরকারের শীর্ষ পর্যায়ের নীরব সমর্থন ছাড়া করেছেন, সেটাও কি বিশ্বাসযোগ্য? নিরাপত্তা পর্যবেক্ষক দল নিয়ে তাঁর পাকিস্তান সফরে এই ধারণা বরং আরও সমর্থনই পায়।মুস্তফা কামাল সৌভাগ্যবান। আইসিসির সহসভাপতি হয়ে যাওয়ায় পাকিস্তান সফরের ব্যাপারে উপসংহার না টেনেই তিনি সরে যেতে পেরেছেন বিসিবি সভাপতির পদ থেকে। কিন্তু পরবর্তী সভাপতি নাজমুল হাসানের জন্য রেখে গেছেন কঠিন এক চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ সামলাতে হিমশিম খাচ্ছেন নাজমুল হাসান ও তাঁর অস্থায়ী পরিষদ।কিন্তু বর্তমান কমিটি যে পিসিবির দাবিকে গুরুত্ব দেওয়ার কারণ হিসেবে মুস্তফা কামালের প্রতিশ্রুতিটাকেই বারবার সামনে আনছে, আসলেই কি তাই? আইসিসির সভায় আলোচিত সবকিছুই কি পরবর্তী সময়ে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার সঙ্গে ২০১১ বিশ্বকাপের আয়োজক ছিল পাকিস্তানও এবং সেই সিদ্ধান্ত আইসিসির সভাতেই নেওয়া। নিরাপত্তার কারণে পরে পাকিস্তানে বিশ্বকাপের একটাও ম্যাচ হয়নি। এ নিয়ে পিসিবি অনেক হইচই করলেও জয় হয়েছে নিরাপত্তার দাবিরই। তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হবে না কেন? প্রতিশ্রুতি রক্ষার দায় অবশ্যই আছে এবং তা বুঝেই নাজমুল হাসানের বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানের পরিস্থিতি শান্ত হলে বাংলাদেশ দল সে দেশে খেলতে যাবে। এ পর্যন্ত সব ঠিক থাকলেও সাম্প্রতিক কথার যুদ্ধ ক্রিকেটে শুধুই দূষণ ছড়াচ্ছে। দিল্লিতে ৬ জানুয়ারি পিসিবি প্রধানের সঙ্গে সভা করে আসার পর বিসিবি প্রধান যে নতুন করে পাকিস্তান সফরের সম্ভাবনা দেখাচ্ছেন, সেটা জাগাচ্ছে আশঙ্কা।প্রতিশ্রুতি রক্ষার দায় হয়তো একটা কারণ, তবে পিসিবির দাবিকে গুরুত্ব দেওয়ার সবচেয়ে বড় কারণ অবশ্যই বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের খেলা নিশ্চিত করা। বাংলাদেশকে ‘ব্ল্যাকমেল’ করতে পিসিবি এই ট্রাম্প কার্ড হাতে নিয়েই বসে আছে। শহীদ আফ্রিদি-সাঈদ আজমলরা না খেললে বিপিএল আকর্ষণ হারাবে। তাতে উৎসাহ হারাবে ফ্র্যাঞ্চাইজি-পৃষ্ঠপোষক এবং দর্শকেরাও। নাজমুল হাসানের বোর্ড এই ঝুঁকি নিতে চায় না। আবার পিসিবিকে খুশি করতে গিয়ে পাকিস্তান সফরে দল পাঠিয়ে যদি কোনো অঘটনের মুখোমুখি হতে হয়! সব কূল রক্ষার একটাই উপায়, গুলিটা যদি করা যায় অন্যের কাঁধে বন্দুক রেখে।মুস্তফা কামাল সহসভাপতি পদের বিনিময়ে পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়ে থাকলে অবশ্যই অন্যায় করেছেন। এর জবাবদিহি দেশের ক্রিকেট তাঁর কাছে অবশ্যই চাইবে। রাজনীতি কিংবা ক্রীড়াঙ্গনের সতীর্থ হিসেবে ব্যাখ্যাটা নাজমুল হাসানও চাইতে পারেন। কিন্তু সেটা আবাহনী ক্লাব (দুজনই এই ক্লাবের সঙ্গে সম্পৃক্ত), বিসিবির প্রেসিডেন্ট বক্স কিংবা সংসদ লবির আড্ডায় চাওয়াই কি বেশি শোভন নয়? পাকিস্তানকেন্দ্রিক বিতর্কের ইতিবাচক সমাধান দেশের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সমাধানটা সবার একসঙ্গে বসেই করা উচিত। শুরুটা করেছেন যিনি, আর যাঁর হাত দিয়ে শেষটা হবে—রানআউটের খেলায় না মেতে সেই কামাল-নাজমুলই তো পারেন ক্রিকেট-কূটনীতির এই ‘ম্যাচে’ বাংলাদেশকে একটা ভালো জুটি উপহার দিতে।ক্রিকেট ‘টিম গেম’, অন্তঃকলহ দলের মধ্যে কেবল বিষবাষ্পই ছড়ায়। মাঠের মতো মাঠের বাইরেও সূত্রটা মেনে চললে ভালো।