পাকিস্তান সফরকে স্মিথের ‘না’
নিরাপত্তাহীনতার কারণে চার বছর ধরে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট নেই। বলা চলে, পাকিস্তানকে নির্বাসনে রেখেছে ক্রিকেট-বিশ্ব। এ নিয়ে বিভিন্ন সময় নিজেদের কষ্টের কথা জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। অধিনায়ক মিসবাহ-উল হক আজ সোমবার স্বীকার করেছেন, দেশের মাটিতে ক্রিকেট না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান দল।দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ জানিয়েছেন, পাকিস্তান দলের প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। তবে তিনি একই সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে যেতে রাজি থাকলেও তিনি নিজে সেখানে যাবেন না। ‘ওদের প্রতি অবশ্যই সহানুভূতি রয়েছে আমার। অতীতে আমি পাঁচবার পাকিস্তান সফর করেছি। কিন্তু দেশটির বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে ভীষণ শঙ্কিত আমি।’ আজ কেপটাউনে সাংবাদিকদের বলেছেন গ্রায়েম স্মিথ।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০-তে পিছিয়ে পাকিস্তান। এর মানে, পাকিস্তানিদের ধবলধোলাই হওয়ার আশঙ্কাও রয়েছে। মিসবাহ মনে করেন, ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট না থাকার কারণেই এমন অবস্থা পাকিস্তানের।সাংবাদিকদের মিসবাহ বলেন, ‘কোনো সন্দেহ নেই, এটা পাকিস্তান দলের জন্য বড় সমস্যা। ঘরোয়া কন্ডিশনে খেলার সুযোগ না পেলে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে ভালো করা কঠিন।’পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই ২০০৯ সাল থেকে। ওই বছরের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হন ছয় ক্রিকেটার। তবে প্রাণ যায় আট পাকিস্তানির। হামলার পর ভয়-আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরে যান লঙ্কানরা। এর পর থেকে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। সর্বশেষ পাকিস্তান সফর থেকে বিরত থাকে বাংলাদেশ। কারণ একটাই—নিরাপত্তাহীনতা। বাস্তবতা হলো, খুব শিগগির পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই। সূত্র: রয়টার্স।