পাকিস্তান সফরে আগ্রহী আয়ারল্যান্ড!

চার বছরের বেশি সময় ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। বাস্তবতা বলছে, খুব দ্রুত সেটা ফেরার সম্ভাবনাও নেই। তবে পাকিস্তানি পত্রিকা ‘দ্য নেশন’-এর খবর, পাকিস্তান সফরে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড।চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে ২৩ ও ২৬ মে আয়ারল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। এর ধারাবাহিকতাতেই নাকি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সহায়তা করতে চায় আয়ারল্যান্ড।আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রম গতকাল জানান, আয়ারল্যান্ড ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠাতে চান তিনি। তবে সফরটা হবে ‘সঠিক সময়ে’।
ডিওট্রম বলেন, ‘পিসিবি জানতে চেয়েছিল, আমরা ফিরতি সফরে যাব কি না। জবাবে আমরা বলেছি, যথাযথ নিরাপত্তা পেলে সফরে যেতে খুবই আগ্রহী আমরা।’
ডিওট্রম আরও বলেন, ‘এ বছরের গোড়ার দিকে পাকিস্তান সফরের ব্যাপারে ভেবেছিলাম আমরা। কিন্তু পেশাদার একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের সুপারিশের ভিত্তিতে সরকার আমাদের পরামর্শ দেয়, এই মুহূর্তে পাকিস্তান সফর নিরাপদ নয়। আইসিসিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা ইন্তেখাব আলমের সঙ্গে সফরের ব্যাপারে সরাসরি কথা বলেছি আমরা। আমাদের দুঃসময়ে পাকিস্তান ক্রিকেট দল যেভাবে পাশে দাঁড়িয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞ। সঠিক সময়েই পাকিস্তান সফরে যাব আমরা।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয় ও আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরে যায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। এর পর থেকে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত রয়েছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। দুই দফা উদ্যোগী হয়েও শেষ পর্যন্ত পাকিস্তান সফর থেকে বিরত থাকে বাংলাদেশ দলও।