পাকিস্তান সফরে আদালতের নিষেধাজ্ঞা
আদালতের নিষেধাজ্ঞায় আপাতত হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। সফরের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কাল বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী হাসান এম এস আজিম জানিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করেই আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছেন।আদালতের নিষেধাজ্ঞার পরপরই বিসিবি সেটা জানিয়ে দিয়েছে পিসিবি ও আইসিসিকে। বাংলাদেশ দলের পক্ষে সম্প্রতি নির্ধারিত সূচি মেনে (২৮ এপ্রিল থেকে ১ মে) পাকিস্তানে যাওয়া সম্ভব নয়, জানানো হয়েছে সেটাও। এর আগে ১৫ এপ্রিল আইসিসির সভা শেষে বিসিবি ও পিসিবির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান দল ২৯ এপ্রিল একটি ওয়ানডে ও ৩০ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।পাকিস্তান সফরের বিরুদ্ধে কাল সকালে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন মিয়াজী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক খন্দকার দিদার-উস সালাম। নিরাপত্তার দিক বিবেচনা না করে বাংলাদেশ জাতীয় দলকে পাকিস্তানে পাঠানো কেন জনস্বার্থবিরোধী হিসেবে বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আরজি জানানো হয় আবেদনে।বেলা তিনটায় হওয়া শুনানিতে সফরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। একই সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত কেন জনস্বার্থবিরোধী বলে বেআইনি হবে না, তা জানাতে রুলও জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদী যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতের রায় বিসিবি অফিসে বসেই শুনেছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি, ‘বিষয়টা এখন আদালতের অধীন। আদালত চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন। এ ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করব না।’ বোর্ড সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞার পর করণীয় ঠিক করতে শিগগিরই বিসিবি পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক ডাকা হবে।বিবাদী পক্ষের আইনজীবীরা আগামী সোমবার পর্যন্ত শুনানি স্থগিত করার আবেদন জানিয়েছিলেন। বিসিবির আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী টেলিফোনে কাল প্রথম আলোকে বলেন, ‘সফরটি এখনো চূড়ান্ত নয়। সরকারও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। সিকিউরিটি রিপোর্ট পাওয়ার পর আইসিসি সেটা চূড়ান্ত করবে। আমাদের আরজি ছিল, সোমবার পর্যন্ত অপেক্ষা করার।’ কিন্তু জনস্বার্থ বিবেচনায় আদালত শেষ পর্যন্ত সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মেহেদী হাসান চৌধুরী ছাড়াও রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।রিট আবেদনের পক্ষের আইনজীবী হাসান এম এস আজিম বলেন, ‘গত কয়েক দিন পত্রপত্রিকায় পাকিস্তানের নিরাপত্তা-সংকট নিয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। পাকিস্তানের পত্রপত্রিকায়ও এসব এসেছে। আর কোনো দেশের দল এ কারণে পাকিস্তান সফর করছে না। জনস্বার্থেই তাই এই রিট করা হয়। পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা সমস্যা দেখি না, সমস্যা হলো পাকিস্তানে গিয়ে খেলা।’শুনানিতে আদালত বলেন, ‘আমরা দরিদ্র দেশ বলেই কি ঝুঁকি নিয়ে ওখানে (পাকিস্তান) খেলতে যেতে হবে? আজ (গতকাল) ১৯ এপ্রিল। খেলা হবে ২৯ এপ্রিল। ভেন্যু ঠিক করার সিদ্ধান্ত হবে কখন? এভাবে জাতীয় দলকে আমরা নিরাপত্তাহীন অবস্থায় পাঠাতে পারি না।’ আদালত নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি খেলার পরামর্শ দিয়ে বলেন, ‘এমনকি পাকিস্তান দলের আমাদের দেশে আসতে অসুবিধা কোথায়?’আদালতের রায় শুনে খোদ ক্রিকেট বোর্ডেরই অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বিসিবির পরিচালনা পর্ষদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগ পাকিস্তান সফরের ব্যাপারে একরকম অন্ধকারেই ছিল। অনেক বোর্ড পরিচালকই মনে করেন, পাকিস্তান এখনো ক্রিকেট খেলতে যাওয়ার মতো নিরাপদ নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক তো কাল এমন দাবিও করলেন, ‘আমরা পাকিস্তানে যেতে পারি, যদি আগস্টে অস্ট্রেলিয়াও পাকিস্তানে গিয়ে সিরিজ খেলে। পাকিস্তান তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় গিয়ে হোম সিরিজ খেললে আমরা কেন পাকিস্তানে যাব? অস্ট্রেলিয়া নিরপেক্ষ ভেন্যুতে খেললে আমরাও কেবল নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে রাজি হব।’