পাকিস্তান সফরে যাচ্ছে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে আছে। পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় বিদেশি কোনো দলই পাকিস্তান সফরে যাচ্ছে না। হোম সিরিজগুলোও পাকিস্তানকে খেলতে হচ্ছে আরব আমিরাত, ইংল্যান্ডের মতো নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে! অবশেষে এই নিষেধাজ্ঞার বলয় ভাঙতে যাচ্ছে। দুই বছরের মধ্যে প্রথম বিদেশি দল হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে আফগানিস্তান। আগামী জুলাই মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।‘আফগানিস্তান তাদের জাতীয় দলকে জুলাইয়ের মধ্যে পাকিস্তানে পাঠাবে এবং পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে। আশা করছি, এতে আমাদের দল লাভবান হবে’—বলেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিম উল্লাহ দানিশ। ম্যাচ তিনটি হবে লাহোর, ফয়সালাবাদ ও রাওয়ালপিন্ডিতে।হোক আফগানিস্তান, জাতীয় দল তো! পাকিস্তান ক্রিকেটের জন্য এটা অবশ্যই স্বস্তির এক সংবাদ, বিশ্বের অন্য দেশগুলোর কাছে নিরাপত্তা বিষয়ে ইতিবাচক একটা বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ। বন্ধু হয়ে আফগানিস্তানও সেই কাজটিই করতে চাইছে। পাকিস্তানের সীমান্তবর্তী শহর পেশোয়ারে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ। নিরাপত্তাবিষয়ক সংশয় উড়িয়ে দিয়ে দানিশ বলেছেন, ‘নিরাপত্তা কোনো ইস্যু নয়। পাকিস্তানে খেলে আমরা বিশ্বের কাছে ইতিবাচক বার্তা পাঠাতে চাই। আশা করি, এরপর দলগুলো পাকিস্তানে আসবে এবং সেখানে খেলবে।’ এএফপি।